পর্দায় ফিরছেন জিৎ, পিছিয়ে গেল দেবের সিনেমা

অনলাইন ডেস্ক

কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন। অন্যদিকে, একই সময়ে মুক্তির কথা থাকলেও পিছিয়ে গেছে দেব অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’। ফলে স্বাধীনতা দিবসকে ঘিরে বাংলা সিনেমাপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন জিতের নতুন সিনেমা।

আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। পরিচালক পথিকৃৎ বসুর নির্মাণে সিনেমাটি তৈরি হয়েছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক এবং স্বাধীনতা সংগ্রামী অনন্ত সিংহের জীবন অবলম্বনে। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহও বেশ আগে থেকেই ছিল।

অন্যদিকে, একই সময়ে মুক্তির সম্ভাবনা থাকলেও দেব অভিনীত ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র মুক্তি স্থগিত করা হয়েছে। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন দেব।

দেব বলেন, প্রতিটি যাত্রারই একটি উপযুক্ত সময় থাকে। দর্শকদের কাছে সিনেমাটি সর্বোচ্চ মানে পৌঁছে দিতেই মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ভক্তদের আরও কিছুদিন ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি আশ্বাস দেন, এই অপেক্ষার ফল সুখকরই হবে।

দুই সিনেমারই প্রযোজক প্রদীপ কুমার নন্দী জানান, জিৎ অভিনীত সিনেমাটির সব কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। তাই নির্ধারিত সময়েই এটি মুক্তি পাচ্ছে। তবে দেবের সিনেমার পরবর্তী নির্মাণকাজ এখনও বাকি থাকায় সেটি সময়মতো মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না।

এদিকে, বাংলা চলচ্চিত্রের বাজারকে আরও শক্তিশালী করতে কয়েক মাস আগে প্রযোজক, পরিবেশক ও সংশ্লিষ্টরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন, একই সময়ে বড় বাজেটের একাধিক সিনেমা মুক্তি না দিয়ে এমনভাবে সময় নির্ধারণ করা হবে, যাতে প্রতিটি সিনেমাই দর্শকের সমান মনোযোগ পায় এবং ব্যবসায় ক্ষতির মুখে না পড়ে।

যদিও দেবের সিনেমার মুক্তি পিছিয়ে যাওয়ার পেছনে এই সিদ্ধান্তও কোনো ভূমিকা রেখেছে কি না, সে বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সূত্র : আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights