‘আমাদের বছর কুড়ি’ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জেএমসি বিভাগের ২০ বছর পূর্তি উদযাপন

অনলাইন ডেস্ক
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ (জেএমসি) বিভাগের ২০ বছরে পদার্পণ উপলক্ষে শুক্রবার বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস ড্যাফোডিল স্মার্ট সিটিতে ‘আমাদের বছর কুড়ি’ শীর্ষক দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

‘বিশের বাঁশিতে সুদিন আসবে’ প্রতিপাদ্যে জেএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজিত অনুষ্ঠানে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। দিনব্যাপী আয়োজনে দুই দশকের অর্জন, স্মৃতিচারণ, অ্যালামনাইদের অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান ও উপদেষ্টা অধ্যাপক ড. গোলাম রহমান, অনুষ্ঠানের আহ্বায়ক ড. আব্দুল কাবিল খান, জেএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাকীব মৃধা, বিভাগীয় প্রধান ড. আফতাব হোসেন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লিজা শারমিন এবং প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান ‘Alumni 360’ নামে নতুন একটি অ্যালামনাই নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দেন। তিনি বলেন, এ প্ল্যাটফর্ম বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করবে।

পরে কেক কাটার মাধ্যমে বিভাগের ২০ বছর পূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের অ্যালামনাইরা কর্মজীবনের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। দিনব্যাপী আয়োজনে নেটওয়ার্কিং সেশন, ওপেন মাইক, র‍্যাফেল ড্র এবং সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০০৬ সালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ হিসেবে যাত্রা শুরু করে বর্তমান সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগ। গত দুই দশকে বিভাগটি সাংবাদিকতা, টেলিভিশন, করপোরেট কমিউনিকেশন, জনসংযোগ, ডিজিটাল মিডিয়া ও সৃজনশীল শিল্পে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights