বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টম্যাটোর কেজি ২০০
নিজস্ব প্রতিবেদক
কয়েক দিনের টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। বিভিন্ন ধরনের সবজি কেজিতে ১০-২০ টাকা পর্যন্ত বেড়েছে। টম্যাটোর কেজি দাঁড়িয়েছে ২০০ টাকায়। মুরগি আগের মতো বেশি দামেই বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানিয়েছেন, টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে ফসল নষ্ট হয়েছে। তা ছাড়া অনেক জায়গায় পানি ওঠায় ট্রাকও কম আসছে। তাই কিছু কিছু জিনিসের দাম সামান্য বেড়েছে।
গতকাল মিরপুর-১১ ও মিরপুর-৬ কাঁচাবাজার ঘুরে দেখা যায়, সবজির মধ্যে পটোল, ঢ্যাঁড়শ, ঝিঙা, চিচিঙ্গা, ধুন্ধল ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহেও ৪০ টাকা ছিল। এ ছাড়া করলা ৫০, কাঁকরোল ৫০-৬০, আলু ৩০ ও কাঁচা মরিচ ১০০-১২০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। মাঝারি সাইজের লাউয়ের পিস ৬০-৭০ টাকা। পেঁপে ৪০-৫০, বেগুন ৫০-৬০ টাকায় পাওয়া যাচ্ছে। মানভেদে এক ডজন লেবু বিক্রি হচ্ছে ২০-৩০ টাকায়। পিঁয়াজ ৪০-৫০ টাকা। ব্রয়লার মুরগির কেজি ১৮০-১৯০ ও সোনালি ৩০০-৩২০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া লাল লেয়ার মুরগি ৩৭০ ও দেশি মুরগির কেজি ৭০০-৭২০ টাকা। ফার্মের লাল ডিমের ডজন ১২০ ও সাদা ১১০, হাঁসের ডিম ২০০-২২০ আর দেশি মুরগির ডিমের হালি ৭০-৮০ টাকা। ভালো মানের চিকন চালের কেজি ৮৫-৮৮ টাকা। মাঝারি মানের চালের কেজি ৬৫ এবং মোটা চাল ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। বর্তমানে নাজিরশাইল ৮৫-৯০, মাঝারি মানের পাইজাম ৫৮-৬৫, স্বর্ণা ও চায়না ইরি ৫৫-৫৮ টাকায় বিক্রি হচ্ছে। মিনিকেটের মধ্যে প্রতি কেজি মঞ্জুর ও সাগর ব্র্যান্ড ৮৫-৮৮ ও রশিদ ৭৮-৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। দামি মিনিকেট মোজাম্মেল ৯০-৯৫ টাকা। চিকন মসুর ডালের কেজি ১৬০-১৭০, মোটা মসুর ১০০-১১০, বড় মুগ ডাল ১৪০, ছোট মুগ ১৭০, খেসারি ১০০, বুটের ডাল ১১৫ ও মাষকলাই ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের মধ্যে রুই ও কাতলার কেজি ৩০০-৩৫০, পাঙাশ ১৮০-২০০, তেলাপিয়া ১৮০-২২০, চিংড়ি, ৬৫০-৭৫০, মাঝারি আকারের কই ২০০-২৫০, দেশি শিং ৬৫০-৭৫০, শোল ৬৫০, পাবদা ৩৫০-৪০০, টেংরা ৫০০-৭০০ ও কাঁচকি ৪০০ টাকায় পাওয়া যাচ্ছে।
