মার্তিনেজের অভিযোগ, গণমাধ্যম রেফারিং বির্তক উসক দিচ্ছে

অনলাইন ডেস্ক

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে হাইভোল্টেজ ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে মেসিরা। তবে এ মহারণের আগে দলটির ফুটবলারদের মিসরের বিপক্ষে হওয়া ম্যাচে রেফারিং নিয়ে ওঠা বিতর্কের মুখোমুখি হতে হচ্ছে।আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ ওই ম্যাচে রেফারিং নিয়ে ওঠা বিতর্ককে উড়িয়ে দিয়েছেন।

তিনি জোর দিয়ে বলেছেন, ম্যাচ পরিচালনাকারীরা ‘চমৎকার কাজ’ করেছেন। শেষ ষোলোর লড়াইয়ের মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়ার পরও ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা।

পরবর্তীতে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন ভিএআর-এর ব্যবহার নিয়ে সমালোচনা করে। বিশেষ করে ম্যাচের ৬২তম মিনিটে মোস্তফা জিকোর একটি গোল বাতিল করার সিদ্ধান্ত নিয়ে, যা মিসরের ব্যবধান দ্বিগুণ করতে পারত। ফিফার রেফারিং প্রধান পিয়েরলুইজি কলিনা পক্ষপাতিত্বের অভিযোগ প্রত্যাখ্যান করে ম্যাচ পরিচালনাকারীদের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন।

রেফারিং নিয়ে প্রশ্ন করা হলে মার্তিনেজ বলেন, না, মোটেও কোনো সমস্যা ছিল না। আমার মতে তারা চমৎকার কাজ করছে। এসব বিতর্ক তো আপনারা অর্থাৎ গণমাধ্যমই তৈরি করেন। আমরা কেবল মাঠে নিজেদের সেরাটা দেওয়ার দিকেই মনোযোগ দিই, এর বাইরে অন্য কিছু নিয়ে ভাবি না।

শনিবার কানসাস সিটিতে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে এবং মার্তিনেজ সতর্ক করে দিয়েছেন, ইউরোপীয় দলটি বেশ শক্তিশালী প্রতিপক্ষ হতে পারে। এই ফুটবলার বলেন, সুইজারল্যান্ড এই পর্যায়ে এসেছে, তার কারণ তাদের যথেষ্ট যোগ্যতা রয়েছে। আমরা কলম্বিয়ার বিপক্ষে তাদের ম্যাচ দেখেছি, তারা সবসময়ই ফুটবল খেলার চেষ্টা করে। শারীরিক শক্তির দিক থেকে এবং সেট-পিসের ক্ষেত্রেও তারা অত্যন্ত শক্তিশালী।

লিসান্দ্রো মার্তিনেজ বলেন, আমার মনে হয় ম্যাচটি দারুণ উপভোগ্য হবে, কারণ উভয় দলই ভালো ফুটবল খেলার চেষ্টা করবে। মিশরের বিপক্ষে আর্জেন্টিনার প্রথম গোলটি করা ক্রিস্টিয়ান রোমেরো জানিয়েছেন, দল নিজেদের দুর্বলতাগুলো শুধরে নেওয়ার ওপরই মনোযোগ দিচ্ছে। রোমেরো বলেন, প্রতিপক্ষ যেই হোক, তাদের নাম বা তারা যেখান থেকেই আসুক না কেন আমরা সবসময় নিজেদের ওপর এবং নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার ওপরই মনোযোগ দিই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights