রাশিয়ার ২১ ট্যাংকারে হামলার দাবি ইউক্রেনের

অনলাইন ডেস্ক

আজভ সাগরে রাশিয়ার ২১টি তেলবাহী জাহাজে রাতভর ড্রোন হামলায় আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। বার্তা সংস্থা রয়টার্স বলছে, দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে অবস্থানরত রুশ বাহিনীর জ্বালানি সরবরাহ ব্যাহত করতেই এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে কিয়েভ।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, ট্যাংকারগুলোর পাশাপাশি ৪টি টাগবোট, ২টি কার্গো জাহাজ এবং একটি ড্রেজারেও হামলা চালানো হয়েছে। ইউক্রেনের দাবি, এসব জাহাজ রাশিয়ার সামরিক রসদ পরিবহন এবং বন্দর অবকাঠামোকে সহায়তা দেওয়ার কাজে ব্যবহৃত হচ্ছিল। তবে ইউক্রেনের এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার ভোরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের

এই হামলা এমন সময়ে ঘটলো যখন নতুন আকাশ প্রতিরক্ষা গোলাবারুদের অপেক্ষায় রয়েছে ইউক্রেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্রের ঘাটতি থাকায় কিয়েভ রুশ হামলার মুখে আরও বেশি ঝুঁকির মধ্যে পড়েছে। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানান, বিমান হামলার সতর্কতা জারি হওয়ার আগেই শনিবার ভোরে কিয়েভে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। সূত্র: কিয়েভ পোস্ট, মস্কো টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights