রোনালদো যতদিন চাইবে পর্তুগাল দলে খেলতে পারেন : জেসুস

অনলাইন ডেস্ক
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর অনেকেই ধারণা করেছিলেন, ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার হয়তো শেষ হতে চলেছে। তবে সেই জল্পনায় পানি ঢেলে দিলেন পর্তুগালের নতুন প্রধান কোচ জর্জ জেসুস। তিনি জানিয়েছেন, রোনালদো যদি খেলতে চান এবং জাতীয় দলে খেলার মতো ফিট থাকেন, তাহলে তাকে দলে রাখার ব্যাপারে কোনো দ্বিধা নেই।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে পর্তুগালের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর জেসুস বলেন, ‘সে যতদিন খেলবে এবং জাতীয় দলে নির্বাচিত হওয়ার মতো অবস্থায় থাকবে, ততদিন আমি তাকে ডাকব। অবশ্যই সেটা দলের স্বার্থ বিবেচনা করেই হবে।’

৪১ বছর বয়সী রোনালদো বিশ্বকাপ চলাকালেই ইঙ্গিত দিয়েছিলেন, এটিই তার শেষ বিশ্বকাপ। তবে তিনি এখনও জাতীয় দল থেকে অবসরের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি। স্পেনের কাছে শেষ ষোলোর ম্যাচে হারের পর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে।

জেসুস জানান, দায়িত্ব নেওয়ার পর এখনও রোনালদোর সঙ্গে তার কথা হয়নি। তবে খুব শিগগিরই দুজন বসে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন। তিনি বলেন, ‘এখনও ক্রিসের সঙ্গে কথা হয়নি। তবে একটা বিষয় পরিষ্কার সে কখনোই জাতীয় দলের জন্য সমস্যা নয়, আমার জন্যও নয়।’

রোনালদোর প্রশংসা করে তিনি আরও বলেন, ‘ক্রিস পর্তুগিজ ফুটবলের প্রতীক। জাতীয় দলের ইতিহাসে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। গত এক বছরে আল-নাসরে তার সঙ্গে কাজ করে আমি দারুণ অভিজ্ঞতা পেয়েছি। তার সঙ্গে কাজ করা খুবই সহজ।’

জেসুস ও রোনালদো গত মৌসুমে সৌদি আরবের ক্লাব আল-নাসরে একসঙ্গে কাজ করেন। জেসুসের অধীনেই আল-নাসর সৌদি প্রো লিগের শিরোপা জেতে। নতুন কোচের দাবি, রোনালদো তাকে আগেই জানিয়েছেন যে তিনি ক্লাব ক্যারিয়ার আল-নাসরেই শেষ করতে চান।

পর্তুগাল ফুটবল ফেডারেশন জেসুসকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দিয়েছে। স্পেন ও মরক্কোর সঙ্গে যৌথভাবে আয়োজিত সেই বিশ্বকাপ পর্যন্ত দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ এই কোচ। এখন দেখার বিষয়, রোনালদো জাতীয় দলের জার্সিতে ক্যারিয়ার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights