সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে : ডিএনসিসি প্রশাসক

অনলাইন ডেস্ক

রাজধানীতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

তিনি বলেন, সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হলে পথচারীদের জন্য সড়ক অনেকাংশে নিরাপদ হয়ে উঠবে।

শনিবার ডিএনসিসি ও আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের (ডব্লিউআরআই) উদ্যোগে ডিএনসিসি মিলনায়তনে আয়োজিত সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক এ কথা বলেন।

তিনি বলেন, পরিকল্পিত সড়ক ডিজাইনের মাধ্যমে পথচারীদের নিরাপদ সড়ক পারাপার নিশ্চিত করা, সিগন্যাল ও জেব্রা ক্রসিংয়ের আগে রেইজড ক্রসিং (সড়ক থেকে উঁচু করে ফুটপাথ সমান্তরাল পারাপার) এবং গতিরোধক স্থাপনের মাধ্যমে যানবাহনের অতিরিক্ত গতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।

শফিকুল ইসলাম খান বলেন, সড়ক নিরাপত্তাসহ শহরের সমন্বিত উন্নয়নে প্রধানমন্ত্রী অত্যন্ত ইতিবাচক। ডিএনসিসি ও ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির (বিআইজিআরএস) আওতায় ঢাকায় চলমান সড়ক নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে।

বিআইজিআরএস বাংলাদেশ সমন্বয়কারী ও সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলম। প্রশিক্ষণে ডিএনসিসির অর্ধশতাধিক প্রকৌশলী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights