গ্রেডভিত্তিক বিভাজন শিক্ষার্থীদের মানসিক কারাগারে বন্দি করে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শিক্ষার্থীদের প্রথম, দ্বিতীয় কিংবা গ্রেডভিত্তিক বিভাজনের মাধ্যমে এক ধরনের মানসিক কারাগারে বন্দি করে রাখা হয়। এতে তাদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস ক্ষতিগ্রস্ত হয়। প্রকৃত শিক্ষা হলো মুক্তচিন্তার শিক্ষা, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের যোগ্যতা ও প্রতিভা বিকাশের সুযোগ পায়। তাই পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও নৈতিকতার শিক্ষাও নিশ্চিত করতে হবে।

শনিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন মন্ত্রী।

আলোচনা সভায় তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর। এই বাতিঘর থেকেই জ্ঞানের আলো সমাজে ছড়িয়ে পড়ে। আর শিক্ষক সমাজ সেই আলোর বাহক। তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতাকে সমাজ উন্নয়নের চালিকাশক্তি হিসেবে কাজে লাগাতে হবে।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল কাজে লাগাতে সবাইকে আন্তরিক হতে হবে। নতুন ভবন নির্মিত হলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, দলগত কাজের মানসিকতা এবং নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখে।

অনুষ্ঠানে নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল শিক্ষা অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম এবং ম্যানেজিং কমিটির সদস্য আল মামুন স্বপন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights