সরকারি চাকরি ও সম্পত্তির লোভে মাকে হত্যা, বাবাকেও হত্যার অভিযোগ আইনপড়ুয়া মেয়ের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক

ভারতের জয়পুরে সরকারি চাকরি ও পারিবারিক সম্পত্তি হাতিয়ে নিতে নিজের মাকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগে আইনপড়ুয়া ছাত্রী আয়ুশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার তদন্ত চলাকালেই নতুন করে তার বিরুদ্ধে গত বছর চিকিৎসাধীন অবস্থায় নিজের বাবাকেও হত্যার অভিযোগ তুলেছেন তার মামা।

পুলিশ জানায়, জয়পুর আদালতের ক্লার্ক নীরাজ শর্মাকে গত ৩ জুলাই একটি স্করপিও গাড়ি দিয়ে চাপা দিয়ে হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়। তদন্তে পুলিশ দাবি করেছে, চূড়ান্ত বর্ষের এলএলবি ছাত্রী আয়ুশি তার খালাতো ভাই বলরামের সহায়তায় ৭ লাখ টাকায় ভাড়াটে খুনি নিয়োগ করে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন।

তদন্তে উঠে এসেছে, স্বামী বিজয় শর্মার মৃত্যুর পর অনুকম্পার ভিত্তিতে জয়পুর আদালতের ক্লার্ক হিসেবে চাকরি পান নীরাজ শর্মা। পুলিশের দাবি, সেই সরকারি চাকরি নিজের নামে নেওয়া এবং পারিবারিক সম্পত্তি ভাগ করে নেওয়ার উদ্দেশ্য থেকেই হত্যার পরিকল্পনা করা হয়। তদন্তকারীদের ভাষ্য, পরিকল্পনায় আয়ুশি, তার খালাতো ভাই বলরাম এবং বলরামের বাবা মোহন জড়িত ছিলেন। পুলিশের আরও দাবি, আয়ুশি ও বলরামের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং তারা সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার পরিকল্পনা করেছিলেন।

পুলিশের তথ্যমতে, গত ৩ জুলাই নীরাজ শর্মা ছোট ছেলেকে কোচিং সেন্টারে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি স্করপিও গাড়ি তাকে চাপা দেয়। এর আগে প্রায় এক মাস আগেও তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, তবে যানজটের কারণে সেই পরিকল্পনা ব্যর্থ হয়। এ ঘটনায় ভাড়াটে খুনি হিসেবে অভিযুক্ত হেমন্ত, আকাশ, মোহিত, অরবিন্দ ও রোহিতকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বলরাম এখনও পলাতক।

এদিকে পুলিশ হেফাজতে থাকা আয়ুশির বিরুদ্ধে নতুন অভিযোগ এনেছেন তার মামা রাকেশ শর্মা। তিনি দাবি করেন, গত বছর ব্রেন স্ট্রোকের পর আয়ুশি ও বলরাম মিলে তার বাবা বিজয় শর্মাকে একটি হাসপাতালে ভর্তি করেন এবং দীর্ঘ সময় পরিবারের কাছ থেকে চিকিৎসার তথ্য গোপন রাখেন।

রাকেশ শর্মার অভিযোগ, পরে বিজয় শর্মাকে বাড়িতে ফিরিয়ে আনার সময় তার একাধিক অঙ্গ বিকল হয়ে গিয়েছিল। তিনি আরও দাবি করেন, আয়ুশি নিজেই তার বাবার ফিডিং টিউব খুলে ফেলেন, যার ফলে তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, বাবার মৃত্যুর বিষয়ে ওঠা নতুন অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আয়ুশিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights