সুরমা-কুশিয়ারার পানি কমেছে, বেড়েছে অন্যগুলোর

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর কয়েকটি পয়েন্টে পানি কমলেও অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ভারতের মেঘালয় রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উত্তর-সিলেটের পিয়াইন, সারিগোয়াইন, ধলাই ও লোভা নদীর পানি বাড়ছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৬টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ৭ সেন্টিমিটার কমলেও সিলেট পয়েন্টে বেড়েছে ১১ সেন্টিমিটার। কুশিয়ারা নদীর পানি আমলশীদ ও শেওলা পয়েন্টে যথাক্রমে ৯ ও ৪ সেন্টিমিটার কমেছে। তবে ফেঞ্চুগঞ্জে ১০ ও শেরপুর পয়েন্টে ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

এছাড়া লোভাছড়ার পানি লোভাছড়া পয়েন্টে ৮ সেন্টিমিটার কমেছে। সারিগোয়াইন নদীর পানি সারিঘাটে ৩৯ সেন্টিমিটার ও গোয়াইনঘাটে ৩১ সেন্টিমিটার, পিয়াইন নদীর পানি জাফলংয়ে ৩৮ সেন্টিমিটার ও ধলাই নদীর পানি ইসলামপুরে ২৬ সেন্টিমিটার বেড়েছে।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকী সাহা জানিয়েছেন, সিলেটে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ৫৩৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ১৬০টি টিলাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পাদদেশে বসবাসকারী লোকজনকে সরে যেতে মাইকিং করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights