ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, স্কুলশিক্ষক ও ছাত্র গ্রেফতার

অনলাইন ডেস্ক
এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে নিজের ছাত্রকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) মো. বাচ্চু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। একই ঘটনায় উত্তরপত্র মূল্যায়নের সঙ্গে জড়িত অভিযোগে ওই বিদ্যালয়ের ছাত্র মেহেদী হাসানকেও গ্রেফতার করা হয়েছে।

রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, এসএসসি-২০২৬ পরীক্ষার সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র পরীক্ষক হিসেবে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মো. বাচ্চু মিয়া নিজে মূল্যায়ন না করে তার ছাত্র মেহেদী হাসানকে দিয়ে মূল্যায়ন করাচ্ছেন।

বিষয়টি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নজরে এলে তিনি ঘটনার বিষয়ে দ্রুত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দেবিদ্বার থানায় মো. বাচ্চু মিয়া ও ছাত্র মেহেদী হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ১০, ১২ ও ১৩ ধারায় মামলা করা হয়েছে। মামলা দায়েরের পর গতকাল রাতেই অভিযুক্ত শিক্ষক ও শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights