বন্ধুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে দুই কিশোর গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলায় রায়হান প্রধান (১৬) নামের এক কিশোরকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে দুই বন্ধু সাকিব মিয়া (১৮) ও রিফাদ মিয়াকে (১৬) গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতার সাকিব মিয়া সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের হরিণসিংহা এলাকার জবান আলীর ছেলে ও রিফাদ মিয়া ওই এলাকার সাইদুল ইসলামের ছেলে। নিহত রায়হান প্রধান একই এলাকার মকবুল হোসেনের ছেলে।
রবিবার দুপুরে র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার রাতে ঢাকার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে সাকিব মিয়াকে ও ঢাকার বিমানবন্দর থানাধীন শপিং মলের সামনে থেকে রিফাদ মিয়াকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত রায়হান ও গ্রেফতার দুই অভিযুক্ত সাকিব ও রিফাদ বন্ধু। গত ১৬ জুন বিকালে সাকিব ও রিফাদ রায়হানকে বাড়ি থেকে ডেকে নিয়ে স্থানীয় হরিণসিংহা দীঘিতে গোসল করতে যান। গোসলের সময় তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে তারা রায়হানকে মারধর করে পানিতে চুবিয়ে রাখে। এতে রায়হান অচেতন হয়ে পড়লে তারা রায়হানকে দীঘির পাড়ে ফেলে চলে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১৯ জুন নিহতের বাবা মকবুল হোসেন বাদী হয়ে সাকিব ও রিফাদকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনায় গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা নজরদারি জোরদার করে র্যাব। এরই ধারাবাহিকতায় শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার খিলক্ষেত থানাধীন আবাসিক এলাকা থেকে সাকিব মিয়াকে ও রাত ১১টার দিকে ঢাকার বিমানবন্দর থানাধীন শপিং মলের সামনে থেকে রিফাদ মিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
