ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শোক

গাজীপুর প্রতিনিধি:

প্রবীণ রাজনীতিবিদ, বাংলাদেশের সাবেক স্পিকার, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সাবেক শিক্ষামন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

রবিবার এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, আইন অঙ্গন এবং শিক্ষা ব্যবস্থার এক উজ্জ্বল নক্ষত্র। দেশের আইন প্রণয়ন, সংসদীয় ঐতিহ্য রক্ষা এবং শিক্ষা বিস্তারে তাঁর অবদান জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

তিনি বলেন, শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের উচ্চশিক্ষা ও সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে নানা সৃজনশীল কার্যক্রম বাস্তবায়িত হয়। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন আন্তরিক শুভানুধ্যায়ী ছিলেন।

উপাচার্য আরও বলেন, তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক, আইন ও শিক্ষা অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি হলো।

শোকবার্তায় ড. এ এস এম আমানুল্লাহ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights