পাটগ্রাম সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, তিন নারীকে ফেরত নিল বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশ-ইনের জন্য আনা তিন ভারতীয় নারীকে শেষ পর্যন্ত নিজ ভূখণ্ডে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার পর সীমান্তে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

বিজিবি, সীমান্ত সূত্র ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ষোলঘড়িয়া সীমান্তে প্রধান পিলার ৮৩৪-এর ১ নম্বর উপপিলারের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার গোলাপাড়া সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়াসংলগ্ন লাইট বন্ধ করে দেয় বিএসএফ। এ সময় পুশ-ইনের উদ্দেশ্যে আনা তিন ভারতীয় নারীকে শূন্যরেখার দিকে নিয়ে আসা হয়।

বিজিবি জানায়, স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওই তিন নারীকে পুনরায় ভারতের শূন্যরেখায় ফিরিয়ে দেওয়া হয়। পরে তারা প্রায় ২২ ঘণ্টা ভারতের অভ্যন্তরে শূন্যরেখায় অবস্থান করেন। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বিএসএফ তাদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নেয়।

ঘটনার পর সীমান্তের বাংলাদেশ অংশে বিজিবি টহল আগের তুলনায় আরও জোরদার করেছে। অপরদিকে ভারতীয় অংশেও অতিরিক্ত সদস্য মোতায়েন করে সতর্ক অবস্থানে রয়েছে বিএসএফ।

এদিকে শনিবার বিকেল ৪টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৩৩-এর ৮ নম্বর উপপিলার এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে একটি টহল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খরখড়িয়া বিএসএফ ক্যাম্পের কমান্ড্যান্টসহ ছয়জন এবং বিজিবির ৬১ ব্যাটালিয়নের ধবলসূতি ক্যাম্পের নায়েব সুবেদার জুবায়ের হোসেনসহ ছয়জন অংশ নেন।

বিজিবি ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) সহকারী পরিচালক (এডি-অপস) কারিমুল ইসলাম তিন ভারতীয় নারীকে বিএসএফ ফেরত নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights