বেঞ্চের খেলোয়াড়দের নিয়ে আত্মবিশ্বাসী স্কালোনি

স্পোর্টস ডেস্ক

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে দলের বেঞ্চের শক্তি নিয়েই সবচেয়ে বেশি সন্তুষ্টি প্রকাশ করেছেন কোচ লিওনেল স্কালোনি। তাঁর মতে, শুরুর একাদশের বাইরে থাকা খেলোয়াড়রাও প্রয়োজনের মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন।

ক্যানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল করেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও বদলি নেমে লাউতারো মার্তিনেজ। আট ম্যাচে টানা গোল করা লিওনেল মেসি এদিন গোল না পেলেও দলের আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘আমাদের বেঞ্চেও এমন মানের খেলোয়াড় আছে, যারা যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এটা আমাদের জন্য বড় স্বস্তির বিষয়। শেষ পর্যন্ত আমরা সবসময়ই সমাধান খুঁজে বের করতে পারি।’

তিনি আরও বলেন, ‘এই খেলোয়াড়দের ধন্যবাদ জানাই। তারা পুরো প্রক্রিয়ার ওপর বিশ্বাস রেখেছে। আমরা একটি সম্মিলিত দল, আমরা ভীষণ ঐক্যবদ্ধ। ফুটবল যে কতটা কঠিন খেলা, সেটিই আবারও প্রমাণ হয়েছে।’

ম্যাচের ১০ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে হেডে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। সেট-পিস থেকে গোল পাওয়ায় সন্তুষ্ট স্কালোনি ম্যাক অ্যালিস্টারের প্রশংসা করে বলেন, ‘আলেক্সিস বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার। সে কঠোর পরিশ্রম করেছে এবং এই গোলের পুরো কৃতিত্ব তারই প্রাপ্য।’

সেমিফাইনালে ওঠার ধারাবাহিকতা নিয়েও গর্ব প্রকাশ করেন আর্জেন্টিনা কোচ। তিনি বলেন, ‘আমি বিষয়টি নিয়ে আগে ভাবিনি। তবে এটা অবশ্যই গর্ব করার মতো একটি অর্জন।’

এই জয়ের মধ্য দিয়ে টানা ষষ্ঠ বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।

ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights