প্রভাবশালী মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের আকস্মিক মৃত্যুতে বিপাকে ইউক্রেন
অনলাইন ডেস্ক
প্রভাবশালী মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের আকস্মিক মৃত্যুতে বিপাকে পড়েছে ইউক্রেন। গত সপ্তাহে কিয়েভ সফর শেষে ফেরার কয়েক ঘণ্টা পর শনিবার সন্ধ্যায় আকস্মিক অসুস্থতায় মৃত্যুবরণ করেন সাউথ ক্যারোলাইনার এই সিনেটর। ওয়াশিংটনে ইউক্রেনের পক্ষে সবচেয়ে সোচ্চার কণ্ঠ ছিলেন তিনি। যুদ্ধ শুরুর পর থেকে তিনি ১০ বার কিয়েভ সফর করেছেন। তার মৃত্যুতে ওয়াশিংটনের সাথে কিয়েভের সম্পর্কে বড় প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।
তার মৃত্যুতে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইউলিয়া সিভি রিডেনকো এক শোকবার্তায় বলেন, রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনজুড়ে সিনেটর গ্রাহাম ইউক্রেনের পাশে এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সবসময় অবিচল ছিলেন।
ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী গ্রাহাম ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ও কৌশলী ভূমিকা রেখেছিলেন।
গত সপ্তাহে সর্বশেষ কিয়েভ সফরে একটি ড্রোন কারখানা পরিদর্শন করেন তিনি। কিয়েভ ছাড়ার মাত্র কয়েক ঘণ্টা আগেও গ্রাহাম বলেছিলেন, এই যুদ্ধ শেষ করার সূত্র আমাদের কাছে রয়েছে। ইউক্রেনকে আরও শক্তিশালী হতে সাহায্য করুন। যারা রাশিয়াকে সমর্থন করছে তাদের জানিয়ে দিন যে, এই সমর্থন অব্যাহত রাখলে তাদের চড়া মূল্য দিতে হবে।
২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখলের পর গ্রাহামই প্রথম ইউক্রেনকে প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠানোর পক্ষে মত দিয়েছিলেন। যুদ্ধ শুরুর পর পুতিনকে হত্যায় তার ঘনিষ্ঠ কাউকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, ‘আপনি নিজের দেশ ও বিশ্বের অনেক বড় উপকার করবেন।’ পরবর্তীতে পুতিনকে তিনি ’সন্ত্রাসী ও গুণ্ডা’ হিসেবে আখ্যায়িত করেন।
গ্রাহাম ‘স্ট্যান্ড উইথ ইউক্রেন অ্যাক্ট’-এর সহ-প্রণেতা ছিলেন। এই বিলের পক্ষে তিনি বলেছিলেন, আমরা বিশ্বকে একটি বার্তা দিচ্ছি যে, যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে থাকবে, তাদের লড়াই আমাদের লড়াই এবং তাদের ও আমাদের উভয়ের স্বাধীনতাই আজ বিপন্ন। বিলটি শেষ পর্যন্ত আইনে পরিণত না হলেও, ইউক্রেনে অস্ত্র সরবরাহ ও রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্যাকেজ তৈরিতে তিনি আমৃত্যু কাজ করে গেছেন।
