সিদ্ধিরগঞ্জে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে একটি রিভলবার, ৬ রাউন্ড গুলি, তিনটি ধারালো রামদা, একটি লাইট ও একটি মাইক্রোবাসসহ সজীব আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী কয়েকজন সহযোগী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
‎
‎রবিবার (১২ জুলাই) রাত ২টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার চিশতিয়া বেকারির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
‎
‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্ব পুলিশের একটি দল রাত্রিকালীন ডিউটির সময় অভিযান পরিচালনা করেন। এ সময় একটি রিভলবার, ৬ রাউন্ড গুলি, তিনটি ধারালো রামদা, একটি লাইট এবং একটি পুরাতন কালো রঙের মাইক্রোবাসসহ সজীব আহমেদকে গ্রেফতার করা হয়। ‎গ্রেফতার সজীব আহমেদ সিদ্ধিরগঞ্জের মিজমিজি মাইজপাড়া এলাকার সানাউল্লাহর ছেলে।
‎
‎পুলিশ জানিয়েছে, তার সঙ্গে থাকা সহযোগী মইন মিয়া, ইব্রাহিম ওরফে আকাশ এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জন কৌশলে পালিয়ে যায়। পুলিশের দাবি, তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র উদ্ধার ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights