সেমিফাইনালের আগে ফ্রান্সকে নিয়ে মন্তব্য, তোপের মুখে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন-ফ্রান্স ম্যাচের আগে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। ফ্রান্সের জাতীয় ফুটবল দল নিয়ে তিনি দাবি করেন, দলটিতে ‘কোনো ফরাসি খেলোয়াড় নেই’। এরপরই স্পেন ও ফ্রান্স দুই দেশেই তার বক্তব্যের তীব্র সমালোচনা শুরু হয়েছে।

স্পেনের অনলাইন সংবাদমাধ্যম এল ডেবাতে প্রকাশিত এক মতামতে রাজয় এ মন্তব্য করেন। মঙ্গলবার বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্সকে ঘিরেই তিনি লেখাটি প্রকাশ করেন।

স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ রাজয়ের মন্তব্যকে ‘বিদ্বেষমূলক’ বলে আখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, একটি দেশের পরিচয় কারও পদবি, জন্মস্থান বা গায়ের রঙ দিয়ে নির্ধারিত হয় না। বরং যারা দেশকে ভালোবাসে এবং দেশের জন্য কাজ করে, তারাই সেই দেশের মানুষ।

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তেও রাজয়ের বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন।

ফ্রান্সেও এ মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ দেখা গেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বলেন, এ ধরনের মন্তব্য ‘একেবারেই গ্রহণযোগ্য নয়’। ফরাসি কমিউনিস্ট পার্টির নেতা ফাবিয়েন রুসেল মন্তব্যটিকে বর্ণবাদী বলে অভিহিত করেন। বৈষম্যবিরোধী বিষয়ক মন্ত্রী অরোর বের্গেও বলেন, খেলাধুলায় একজনকে কেবল তার প্রতিভা দিয়েই মূল্যায়ন করা উচিত, অন্য কোনো পরিচয়ে নয়।

ফ্রান্সের ওভারসিজ টেরিটরিজবিষয়ক মন্ত্রী নাঈমা মুতশু বলেন, ফ্রান্সের জাতীয় দল সফল হলেই এ ধরনের বর্ণবাদী মন্তব্য সামনে আসে।

এদিকে মাদ্রিদে ফ্রান্স দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানায়, ফরাসি দলের ২৬ সদস্যের মধ্যে ২৩ জনই ফ্রান্সে জন্মগ্রহণ করেছেন। বাকি তিনজন বিদেশে জন্মালেও তারা সবাই ফরাসি নাগরিক।

ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালোও রাজয়ের মন্তব্যের নিন্দা জানিয়ে বলেন, এতে ‘অসহনীয় বর্ণবাদী ইঙ্গিত’ রয়েছে।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে এই মন্তব্য নতুন করে ফুটবলে পরিচয়, নাগরিকত্ব ও বর্ণবাদ নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights