স্পেনের বিপক্ষে ম্যাচের আগে ফ্রান্স শিবিরে স্বস্তি
অনলাইন ডেস্ক
১৬ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে স্পেন। সেখানে তারা মুখোমুখি হচ্ছে গত দুই আসরে টানা দুটি ফাইনাল খেলা ফ্রান্সের। শিরোপা লক্ষ্যে পুরো আসরে ছন্দ ও গতিময় ফুটবল উপহার দিয়েছে উভয় দল।
তবে সেমির লড়াইয়ে এগিয়ে থাকতে ভিন্ন ভিন্ন পরিকল্পনা সাজাচ্ছে দুই দল। এমন পরিস্থিতিতে অনেকটা এগিয়ে গেল এমবাপেরা। ডালাসে অনুষ্ঠিত ম্যাচে শুরুর একাদশে ফিরছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি।
এবারের বিশ্বকাপে ফ্রান্সের প্রথম চারটি ম্যাচের তিনটিতেই চুয়ামেনি শুরুর একাদশে ছিলেন। তবে কুঁচকির সামান্য চোটের কারণে প্যারাগুয়ে ও মরক্কোর বিপক্ষে নকআউট পর্বের শেষ দুটি ম্যাচে তিনি খেলতে পারেননি। তবে ফরাসি ক্রীড়া দৈনিক ‘লেকিপ’-এর প্রতিবেদন অনুযায়ী, চুয়ামেনি এখন সেমিফাইনালে খেলার মতো যথেষ্ট সুস্থ হয়ে উঠেছেন এবং দিদিয়ের দেশমের শুরুর একাদশে তার ফেরার সম্ভাবনা রয়েছে।
একটি পরিবর্তনের সম্ভাবনা
চুয়ামেনির অনুপস্থিতিতে রোমা মিডফিল্ডার মানু কোনে শুরুর একাদশে খেলেছিলেন এবং নিজের পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছিলেন। তবে এখন তাকে আবারও বেঞ্চে ফিরে যেতে হতে পারে। ‘লেকিপ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, মরক্কোর বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ী দলের একাদশে এটিই হতে যাচ্ছে একমাত্র পরিবর্তন।
কিলিয়ান এমবাপে, মাইকেল ওলিসে এবং উসমান দেম্বেলের সঙ্গে আক্রমণভাগে ব্র্যাডলি বারকোলার পরিবর্তে আবারও দেখা যেতে পারে দেজিরে দুয়ে-কে। আর সেন্ট্রাল মিডফিল্ডে আদ্রিয়েন র্যাবিও-র সঙ্গী হতে পারেন চুয়ামেনি।
স্পেনের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত এমবাপে
শারীরিক ফিটনেস নিয়ে সামান্য উদ্বেগ থাকলেও এমবাপে, দায়োত উপামেকানো এবং উইলিয়াম সালিবা সবারই শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে।
স্পেনের বিপক্ষে ফ্রান্সের সম্ভাব্য একাদশ
মাইগনান, উপামেকানো, সালিবা, দিনিয়ে, চুয়ামেনি, র্যাবিও, দেম্বেলে, ওলিসে, দুয়ে, বারকোলা।
