এমপিওভুক্ত মাদরাসা শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক

এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জন্মতারিখ সংশোধনের আবেদন নিষ্পত্তিতে নতুন নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও শিক্ষাগত সনদে নামের বানানে অমিল বা বাংলা ভাষায় সনদ থাকলে আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে অধিদপ্তর।

রবিবার (১২ জুলাই) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামাণিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন বেসরকারি মাদরাসার অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের জন্মতারিখ সংশোধনের আবেদন অধিদপ্তরে জমা দেওয়া হচ্ছে। এসব আবেদন পর্যালোচনায় দেখা গেছে, অনেক আবেদনকারীর দাখিল বা এসএসসি সনদ এবং জাতীয় পরিচয়পত্রে নামের বানানে মিল নেই।

এ ছাড়া অনেকের দাখিল বা এসএসসি সনদ এবং এনআইডি—উভয় ক্ষেত্রেই নামের বানানে ভুল রয়েছে। আবার অনেক আবেদনকারীর দাখিল বা এসএসসি সনদ বাংলা ভাষায় হওয়ায় আবেদন নিষ্পত্তিতে জটিলতা তৈরি হচ্ছে।

এ কারণে সংযুক্ত তালিকায় থাকা আবেদনকারীদের দাখিল বা এসএসসি সনদ এবং জাতীয় পরিচয়পত্রে থাকা নামের বানান সংশোধন করতে হবে। পাশাপাশি বাংলা ভাষায় থাকা দাখিল বা এসএসসি সনদ ইংরেজিতে রূপান্তর করে পুনরায় জন্মতারিখ সংশোধনের আবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights