বর্জ্যবাহী ট্রাকের চাপায় নিহতদের পরিবারে অনুদান, চাকরি পেলেন দুই স্বজন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) বর্জ্যবাহী ট্রাকের চাপায় নিহত যুবদল নেতা মাসুম বিল্লাহ ও ছাত্রদল নেতা আব্দুল কাদির জিলানীর পরিবারের পাশে দাঁড়িয়েছে নাসিক। আর্থিক সহায়তার পাশাপাশি নিহত দুই পরিবারের দুই সদস্যকে সিটি করপোরেশনে চাকরিও দেওয়া হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে নাসিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নিহত দুই পরিবারের সদস্যদের হাতে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন।
এ সময় নিহত যুবদল নেতা মাসুম বিল্লাহর বাবা বাদশা মিয়াকে নাসিকের আইন শাখায় অফিস সহকারী পদে এবং নিহত ছাত্রদল নেতা আব্দুল কাদির জিলানীর স্ত্রী সোহানাকে নাসিকের স্বাস্থ্য বিভাগে নিয়োগপত্র প্রদান করা হয়।
চেক প্রদান শেষে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক দায়িত্ব পালন করা হচ্ছে। সেই নির্দেশনার অংশ হিসেবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই পরিবারের জন্য শুধু আর্থিক সহায়তাই নয়, তাদের ভবিষ্যৎ জীবিকা নিশ্চিত করতে চাকরির ব্যবস্থাও করা হয়েছে।
উল্লেখ্য, গত ৯ জুন সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী কুতুবপুর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ (২৭) এবং ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) নিহত হন।
