মেসিদের আনার বিষয়েও সালাউদ্দিনের সুর বদল!

অনলাইন ডেস্ক

একের পর এক বিতর্ক জন্ম দিয়ে চলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। সবমিলিয়ে তার ফুটবল ফেডারেশন আর বিতর্ক হয়ে উঠেছে সমার্থক। ফুটবল বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার ব্যাপারে বেশ হম্বিতম্বিই দিয়েছিলেন সালাউদ্দিন।

এ নিয়ে বেশ নাটকও এরইমধ্যে হয়ে গেছে। সব শেষ জানা গিয়েছিল, চলতি বছরের জুন মাসে বাংলাদেশে আসছে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। তবে একমাস আগেই ফের সুর বদলালেন বাফুফে সভাপতি।

বুধবার তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, আর্জেন্টিনার সাথে এ বিষয়ে চুক্তি হলেও মাঠের অভাবে পূর্ব ঘোষিত সময়ে মেসিদের বাংলাদেশে আনা যাচ্ছে না। আর সে জন্য সালাউদ্দিন দোষ চাপিয়েছেন ক্রীড়া মন্ত্রণালয়ের ঘাড়ে। মন্ত্রণালয়টি নাকি জানিয়েছে, বাফুফের চাহিদা মতো আপাতত তারা বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুত করে দিতে পারছে না। মাঠটি প্রস্তুত করতে তাদের আগামী বছর পর্যন্ত সময় লাগবে।
আর এই বিষয়টি নাকি সালাউদ্দিনের ফেডারেশন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে জানিয়ে দিয়েছে।

তবে আর্জেন্টিাকে বাংলাদেশে আনার বিষয়টি ভবিষ্যতে ভেবে দেখবেন বলেও জানিয়েছেন কাজী সালাউদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights