ফাইনালে আর্জেন্টিনাকেই চান স্পেন কোচ, জানালেন বিশেষ কারণ

অনলাইন ডেস্ক
ফ্রান্সকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করার পর স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, শিরোপা নির্ধারণী লড়াইয়ে তার পছন্দের প্রতিপক্ষ আর্জেন্টিনা। এর কারণ হিসেবে তিনি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত বন্ধুত্বের কথা তুলে ধরেছেন। খবর টিওয়াইসি স্পোর্টসের।

সেমিফাইনালে জয়ের পর সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, ‘স্কালোনির সঙ্গে আমার বন্ধুত্ব রয়েছে। তাই আমি চাই, ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষেই খেলতে। তবে ইংল্যান্ডও সমান শক্তিশালী প্রতিপক্ষ। আমার কাছে দুটি সেমিফাইনালই ছিল ফাইনালের আগের ফাইনাল।’

বিশ্বকাপের এবারের শেষ চারের প্রতিযোগিতা নিয়েও মন্তব্য করেন স্পেন কোচ। তিনি বলেন, ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল এবার প্রথমবারের মতো একসঙ্গে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ফলে ফাইনালে যে দলই উঠুক না কেন, ম্যাচটি অত্যন্ত কঠিন হবে।

ফ্রান্সের বিপক্ষে জয়কে বিশেষ গুরুত্ব দিয়ে দে লা ফুয়েন্তে বলেন, ‘আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলেছি। কিন্তু তারা খেলেছে বিশ্বের সেরা দলের বিপক্ষে—এটাই পার্থক্য। আমার খেলোয়াড়রা প্রশংসার যোগ্য। তাদের নিবেদন, উদারতা ও প্রতিভা অসাধারণ। আজ তারা দুর্দান্ত ফুটবল খেলেছে।’

অন্যদিকে, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্পেন কোচের প্রশংসা করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও। স্কালোনি বলেন, ‘লুইসের জন্য আমি খুবই আনন্দিত। তিনি অসাধারণ একজন মানুষ এবং এই সাফল্যের পুরোপুরি প্রাপ্য। কোচিং কোর্স করার সময় তিনি আমাকে সবসময় সহযোগিতা করেছেন।’

হালকা রসিকতা করে আর্জেন্টিনা কোচ আরও বলেন, ‘আমি তাকে ফোন করব কি না, সেটা আমাদের ফলাফলের ওপর নির্ভর করবে। আমরা জিতলে ফোন করব না, আর হারলে হয়তো তাকে ফোন করে সাহায্য চাইব। তবে আশা করি, ফাইনালের আগে তাকে ফোন করার প্রয়োজন হবে না।’

উল্লেখ্য, লিওনেল স্কালোনি স্পেনের রয়্যাল ফুটবল ফেডারেশনের কোচিং কোর্সে অংশ নেওয়ার সময় লুইস দে লা ফুয়েন্তে ছিলেন তার অন্যতম প্রশিক্ষক। সেখান থেকেই দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের সূচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights