খুলনায় জোড়া হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনার সোনাডাঙ্গার মাটিয়াপোল এলাকায় হায়দার আলী ও তরিকুল ইসলাম পিকু হত্যা মামলায় ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুসরাত জাবিন এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- ফারুক শেখ ওরফে গাড়ী ফারুক, নুর উদ্দিন রাজু, জাহাঙ্গীর হোসেন, সোহেল শিকদার, কালু শেখ, সিদ্দিক, ওয়াসিম ও আব্দুর জব্বার। এদের মধ্যে রায় ঘোষণাকালে ফারুক শেখ ওরফে গাড়ী ফারুক উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন।
আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
আইনজীবী ফারহানা হক ডেইজি জানান, পূর্বশত্রুতার জের ধরে ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি জোড়া হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় নিহত হায়দার আলীর ভাই তৈয়ব আলী বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা করেন। মামলায় মোট ১৭ জনকে আসামি করা হয়। পুলিশ ২০১০ সালের ৩ অক্টোবর আদালতে চার্জশিট জমা দেয়। রায়ে ৯ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।
