ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে মার্কিন জনমতকে প্রভাবিত করছে ইসরায়েল: জেডি ভ্যান্স
আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সঙ্গে চলমান যুদ্ধকে অনির্দিষ্টকালের জন্য দীর্ঘায়িত করতে ইসরায়েলি সরকারের কিছু সদস্য যুক্তরাষ্ট্রের জনমতকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন বলে সরাসরি অভিযোগ তুলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গত বুধবার বিখ্যাত পডকাস্টার জো রোগানের ‘দ্য জো রোগান এক্সপেরিয়েন্স’ অনুষ্ঠানে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক দাবি করেন।
ভ্যান্স জানান, ইসরায়েলি সরকারের ভেতরে থাকা কিছু নির্দিষ্ট গোষ্ঠী আমেরিকার কূটনৈতিক প্রচেষ্টা ও ইরানের সঙ্গে শান্তি আলোচনা নস্যাৎ করার জন্য অত্যন্ত সুপরিকল্পিত এবং বিপুল অর্থায়নে এক গোপন প্রচারণা চালাচ্ছে।
ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের এই মন্তব্যের পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বিদেশি রাষ্ট্রগুলো যে মার্কিন জনমতকে নিজেদের পক্ষে প্রভাবিত করার চেষ্টা করে থাকে, সেই বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পও অবশ্যই একমত হবেন।
সাক্ষাৎকারে ভ্যান্স জোর দিয়ে বলেন, ইসরায়েলি সরকারের কিছু মানুষের ওপর আমার ভরসা থাকলেও, এমন কিছু সদস্য সেখানে রয়েছেন যারা মূলত মার্কিন জনমতকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, যাতে এই যুদ্ধ অনির্দিষ্টকালের জন্য চলতে থাকে। আমার স্পষ্ট মনে হয় যে, ইরানের সঙ্গে আমেরিকার চলমান শান্তি আলোচনা ও সমঝোতা চুক্তিকে (এমওইউ) নস্যাৎ করার জন্য অত্যন্ত সুপরিকল্পিত এবং বিপুল অর্থায়নে এক গোপন প্রচারণা চালানো হচ্ছে। কিছু ইসরায়েলি নেতা যে এই সমঝোতা চুক্তিকে মনেপ্রাণে ঘৃণা করেন, তার সুনির্দিষ্ট প্রমাণ আমাদের কাছে রয়েছে।
তিনি আরও বলেন, ইসরায়েলি সরকারের নির্দিষ্ট কিছু অংশ মার্কিন অবস্থানের সমালোচনা করছে—তাতে আমার কোনো আপত্তি নেই। কারণ, বিদেশি রাষ্ট্রগুলো সব সময়ই অন্য দেশের সরকারকে প্রভাবিত করার চেষ্টা করে থাকে। আমার মূল আপত্তির জায়গা হলো যখন আমেরিকানরা, বিশেষ করে আমেরিকার নেতৃত্ব যখন এই ধরনের বহিরাগত প্রভাবের ফাঁদে পড়ে নিজেদের বিচারবুদ্ধি হারিয়ে ফেলে এবং সেই অনুযায়ী নীতিনির্ধারণ করতে শুরু করে।
এর আগে গত জুনে দেওয়া অন্য এক বক্তব্যে তিনি ইসরায়েলি নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আপনারা এমন এক দেশকে আক্রমণ বা সমালোচনা করবেন না, যে দেশটি গোটা পৃথিবীতে আপনাদের অবশিষ্ট থাকা একমাত্র শক্তিশালী মিত্র।
ইরানের সঙ্গে শান্তি আলোচনা ও যুদ্ধবিরতি চুক্তিতে জেডি ভ্যান্স নিজেই অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন। গত জুন মাসে সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, যার আওতায় যুদ্ধবিরতি এবং কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। তবে সম্প্রতি হরমুজ প্রণালিকে কেন্দ্র করে পুনরায় উত্তেজনা শুরু হয়েছে এবং মার্কিন বাহিনী ইরানি লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করেছে।
ইসরায়েল মনে করে ইরান তাদের অস্তিত্বের জন্য বড় হুমকি, তাই তারা এই যুদ্ধের মাধ্যমে ইরানি ব্যবস্থার সম্পূর্ণ পতন ও পরমাণু কর্মসূচির অবসান চায়। এদিকে, মার্কিন কংগ্রেসে ইসরায়েলের জন্য বিলিয়ন ডলারের সাহায্য বন্ধের একটি প্রস্তাব সম্প্রতি বিপুল ভোটে নাকচ হয়ে গেছে, যদিও ডেমোক্র্যাটদের একটি অংশ এখন ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দেওয়ার বিপক্ষে অবস্থান নিচ্ছে।
সূত্র: বিবিসি
