শুধু ট্রফি নয়, এবার বিশ্বচ্যাম্পিয়নদের জন্য থাকছে বিশেষ আংটি

অনলাইন ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো নতুন এক ঐতিহ্যের সূচনা করতে যাচ্ছে ফিফা। শিরোপাজয়ী দলকে ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি দেওয়া হবে বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং বা আংটি।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্রীড়া সংস্কৃতি থেকে অনুপ্রাণিত হয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে এনএফএলের সুপার বোলজয়ী দলকে এমন আংটি দেওয়া হলেও, ফিফার কোনো প্রতিযোগিতায় এবারই প্রথম এটি চালু হচ্ছে।

আগামী ২০ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনালের পর বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে পুরস্কার বিতরণী মঞ্চেই প্রতীকী আংটি তুলে দেওয়া হবে।

ফিফা মোট ২ হাজার ২৬টি আংটি তৈরি করবে। এর মধ্যে ৩০টি থাকবে বিশ্বচ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্টদের জন্য। বাকি ১ হাজার ৯৯৬টি সীমিত সংস্করণ হিসেবে বিশ্বের ফুটবলপ্রেমীদের জন্য বিক্রি করা হবে।

প্রতিটি চ্যাম্পিয়নশিপ রিংয়ের এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা, অন্য পাশে থাকবে শিরোপাজয়ী দলের পরিচয়। বিজয়ীদের জন্য তৈরি প্রতিটি আংটি আলাদা নম্বরযুক্ত হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির আঙুলের মাপ অনুযায়ী বিশেষভাবে তৈরি করে পরে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে। সঙ্গে থাকবে সত্যায়নপত্রও।

এভাবেই ২০২৬ বিশ্বকাপ থেকে ট্রফি ও পদকের পাশাপাশি চ্যাম্পিয়নদের সম্মাননার তালিকায় যুক্ত হচ্ছে নতুন এক স্মারক চ্যাম্পিয়নশিপ রিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights