কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে একটি টর্নেডো আঘাত হেনেছে। এ সময় পর্যটকেরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে এই টর্নেডো আঘাত হানে। এতে সৈকতে পর্যটকদের জন্য রাখা অর্ধশতাধিক চেয়ার ও ছাতা ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাগরের দিক থেকে ঘূর্ণায়মান বাতাস ধীরে ধীরে বালুচরের দিকে এগিয়ে আসে। কয়েক মুহূর্তের মধ্যেই সেটি সৈকতের একটি অংশে আঘাত হানে। পুরো ঘটনাটি তিন থেকে পাঁচ মিনিটের মতো স্থায়ী হলেও এর তীব্রতায় সৈকতে অবস্থান করা পর্যটকেরা আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন।

কক্সবাজার কিটকট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান বলেন, টর্নেডোটি সাগরের দিক থেকে উঠে এসে সুগন্ধা পয়েন্টে আঘাত হানে। এতে পর্যটকদের ব্যবহারের জন্য সৈকতে রাখা ৫২টি কাঠের চেয়ার এবং ৬১টি ছাতা ভেঙে গেছে। আকস্মিক এ ঘটনায় ব্যবসায়ীদেরও ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, টর্নেডোর তাণ্ডব খুব অল্প সময় স্থায়ী হলেও এর গতি ছিল বেশ প্রবল। এতে সৈকত থেকে চেয়ার, ছাতা ও বিভিন্ন হালকাসামগ্রী উড়তে শুরু করে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পর্যটকেরা আবার ধীরে ধীরে সৈকতে ফিরে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights