ওবামার নামে ইসরায়েলি লবির কোটি ডলারের বিজ্ঞাপন, বিভক্ত ডেমোক্র্যাট শিবির
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য মিশিগানের ডেমোক্রেটিক সিনেট প্রাইমারিকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার একটি পুরোনো বক্তব্য ব্যবহার করে প্রচারণা চালানো এবং ইসরায়েলপন্থী লবির কোটি ডলারের অর্থায়নকে কেন্দ্র করে দলটির ভেতরে বিভাজন আরও স্পষ্ট হয়েছে।
আগামী ৪ আগস্টের প্রাইমারিতে মধ্যপন্থী প্রার্থী হ্যালি স্টিভেন্সের বিপরীতে লড়ছেন প্রগতিশীল নেতা ও সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা আবদুল এল সায়েদ। ওবামা আনুষ্ঠানিকভাবে কাউকেই সমর্থন না দিলেও স্টিভেন্সের প্রচারণায় ২০১৮ সালের একটি ভিডিও ব্যবহার করা হচ্ছে। এতে ওবামা তার কাজের প্রশংসা করেছিলেন। তবে এল সায়েদের সমর্থকদের অভিযোগ, এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।
AdImpact-এর তথ্য অনুযায়ী, প্রায় ৫০ লাখ ডলার ব্যয়ে তৈরি স্টিভেন্সপন্থী ওই বিজ্ঞাপনটি গত এক বছরে মিশিগানে সবচেয়ে বেশি প্রচারিত রাজনৈতিক বিজ্ঞাপন।
নির্বাচনের আরেকটি বড় ইস্যু অর্থায়ন। স্টিভেন্সের পক্ষে বিভিন্ন সুপার প্যাক ৫ কোটি ডলারের বেশি ব্যয় করেছে। এর বড় অংশ এসেছে ইসরায়েলপন্থী লবিং গ্রুপ এআইপ্যাকের সুপার প্যাক ইউনাইটেড ডেমোক্রেসি প্রজেক্ট থেকে। বিপরীতে করপোরেট অনুদান প্রত্যাখ্যান করা এল সায়েদের পক্ষে বহিরাগত প্রচারণায় ব্যয় হয়েছে প্রায় ১০ লাখ ডলার।
এল সায়েদের দাবি, মার্কিন ইসরায়েল নীতি নিয়ে তার অবস্থানের কারণেই তার বিরুদ্ধে এত অর্থ ব্যয় করা হচ্ছে। অন্যদিকে স্টিভেন্সের সমর্থকদের বক্তব্য, ওবামার বক্তব্য ব্যবহার বিভ্রান্তিকর নয়, কারণ তিনি বাস্তবেই ওই প্রশংসা করেছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কৃষ্ণাঙ্গ ভোটারদের আকৃষ্ট করতে ওবামার জনপ্রিয়তাকে কাজে লাগানো হয়েছে। একই সঙ্গে গাজা যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতিকে কেন্দ্র করে ডেমোক্রেটিক পার্টির আদর্শিক বিভাজনও এই নির্বাচনে বড় প্রভাব ফেলছে।
প্রাইমারিতে বিজয়ী প্রার্থী মূল নির্বাচনে রিপাবলিকান নেতা মাইক রজার্সের মুখোমুখি হবেন। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে ডেমোক্র্যাটদের জন্য মিশিগানের এই আসনে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূত্রঃ এপি
