তিন সপ্তাহেও কেন মিলেনি ৫৩০ রোহিঙ্গার খোঁজ: মালয়েশিয়ার পথে কী ঘটেছিল

অনলাইন ডেস্ক
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে মালয়েশিয়ার উদ্দেশে মানবপাচারকারীদের নৌকায় যাত্রা করা অন্তত ৫৩০ রোহিঙ্গা প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। মানবাধিকারকর্মী ও পর্যবেক্ষকদের আশঙ্কা, বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরে নৌকা দুটি ডুবে গেছে। এ আশঙ্কা সত্য হলে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় রোহিঙ্গা সমুদ্র ট্র্যাজেডি হবে।

গত ২৯ জুন রাখাইনের সিন টেট মাও এলাকা থেকে দুটি নৌকা মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়। পুরোনো মাছ ধরার ট্রলারকে যাত্রীবাহী নৌকায় রূপান্তর করে অতিরিক্ত যাত্রী নিয়ে যাত্রা করায় শুরু থেকেই দুর্ঘটনার ঝুঁকি ছিল।

রাখাইন প্রজেক্টের পরিচালক ক্রিস লেওয়া জানান, নৌকা দুটি যাত্রা করেছিল বলে নিশ্চিত হওয়া গেছে। তবে রাখাইনে টেলিযোগাযোগ বিচ্ছিন্ন থাকায় তাদের পরিণতি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সাধারণত এক সপ্তাহের মধ্যে পরিবারের সঙ্গে যোগাযোগ হলেও এবার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো খবর মেলেনি।

মিয়ানমারের দক্ষিণ উপকূলে কয়েকটি মরদেহ ভেসে ওঠার ঘটনায় ট্রলারডুবির আশঙ্কা আরও জোরালো হয়েছে।

জাতিসংঘ নিরাপদ ও বৈধ যাতায়াতের ব্যবস্থা করার আহ্বান জানালেও এখন পর্যন্ত এ বিষয়ে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। ফলে জীবন বাজি রেখে সমুদ্রপথে যাত্রাই অনেক রোহিঙ্গার শেষ ভরসা হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights