‘সাইড স্ট্রেইন’ ইনজুরিতে নাহিদ রানা

অনলাইন ডেস্ক
ফাইল ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েছেন টাইগার পেসার নাহিদ রানা। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শনিবার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম।

ম্যাচে ২.৩ ওভার বল করার পর পায়ে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন রানা। পরবর্তীতে আর মাঠে ফিরেননি এবং নিজের বোলিং কোটাও পূর্ণ করেননি তিনি।

জিম্বাবুয়ে থেকে পাঠানো এক ভিডিও বার্তায় রানার ইনজুরি নিয়ে দলের ফিজিও বায়েজিদুল বলেন, ‘দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাঁ পাশের পেশিতে টানের কথা জানিয়েছে রানা। পরে আর বল করনেনি রানা। আগামীকাল পর্যন্ত পর্যবেক্ষণে থাকবে সে।’

তিনি আরও বলেন, ‘আপাতদৃষ্টিতে মনে হচ্ছে তার ‘সাইড স্ট্রেইন’ হয়েছে। তার কোনো স্ক্যান বা পরীক্ষার প্রয়োজন আছে কি না, সে বিষয়ে আগামীকাল সকালে সিদ্ধান্ত নেওয়া হবে। মাঠে ফিরতে কত সময় লাগবে তা পরে জানানো হবে।’

মাঠ ছাড়ার আগে ২.৩ ওভার বল করে ১৫ রান দিয়ে ১ উইকেট শিকার করেন রানা। জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেটকে ১৫ রানে সাজঘরে পাঠান। দ্বিতীয় ম্যাচ ৩৪ রানে জিতে সিরিজে ১-১ সমতা ফেরায় বাংলাদেশ।

শারীরিক অবস্থা পর্যালোচনা করে রানার পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে সিরিজ নির্ধারণী ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

প্রথম ম্যাচে বাংলাদেশ ৩২ রানে হারলেও বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন ২২ বছর বয়সী পেসার রানা। ৪ ওভারে ২৬ রানে ৪ উইকেট শিকার করে ক্যারিয়ার সেরা বোলিং করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights