‘বিশ্ববাসী’ চায় স্পেন কাপ জিতুক: মার্কা

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ ফুটবলের আসর মানেই বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে বিভাজন, তবে এবারের ফাইনালে যেন দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। শিরোপা নির্ধারণী এই লড়াইয়ে মাঠের বাইরে বিশ্বজুড়ে সমর্থকদের ভালোবাসার পাল্লা ভারী স্পেনের দিকেই।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে, লাতিন আমেরিকার আর্জেন্টিনার চেয়ে বিশ্বজুড়ে স্পেনের সমর্থকের সংখ্যাই বেশি। ২০ হাজারেরও বেশি মানুষের মতামতের ভিত্তিতে তৈরি এই জরিপে দেখা গেছে, পৃথিবীর প্রায় প্রতিটি মহাদেশ থেকেই স্পেনের প্রতি সমর্থন বেশি।

স্প্যানিশ সংবাদমাধ্যমটির এই জরিপ অনুযায়ী, উত্তর আমেরিকা থেকে শুরু করে এশিয়া ও আফ্রিকা; সবখানেই স্পেনের জয়জয়কার। উত্তর আমেরিকার ৭২ শতাংশ মানুষ স্পেনের পক্ষে ভোট দিয়েছেন, যেখানে আর্জেন্টিনার সমর্থন রয়েছে ২৮ শতাংশ। এশিয়ার ক্ষেত্রে ব্যবধান আরও বেশি; ৮২ শতাংশ মানুষ স্পেনের জয় দেখতে চাইছেন।

আফ্রিকার ফুটবলপ্রেমীদের মধ্যেও স্পেনের জনপ্রিয়তার ছাপ স্পষ্ট, সেখানে ৮৮ শতাংশ সমর্থন পেয়েছেন রদ্রি-ইয়ামালরা। তবে ইউরোপের ক্ষেত্রে লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি। সেখানে ৫৩ শতাংশ ভোট পড়েছে স্পেনের পক্ষে এবং ৪৭ শতাংশ সমর্থন পেয়েছে আর্জেন্টিনা। এমনকি দক্ষিণ আমেরিকার অনেকাংশেও স্পেনকে এগিয়ে রাখা হয়েছে, যেখানে ৫৯ শতাংশ মানুষ স্পেনের জয় প্রত্যাশা করছেন।

অবশ্য এই জরিপের ফলাফল নিয়ে সংবাদমাধ্যমটি নিজেই একটি সতর্কবার্তা দিয়েছে। যেহেতু মার্কা একটি স্প্যানিশ সংবাদপত্র, তাই এই জরিপের ফলাফলে স্থানীয় আবেগের প্রভাব থাকাটা অস্বাভাবিক নয়। তা সত্ত্বেও আইপি অ্যাড্রেস যাচাই করে দেখা গেছে যে, ভৌগোলিক অবস্থান নির্বিশেষে বিশ্বজুড়ে স্পেনের প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও সমর্থন তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights