আর্জেন্টিনার আগ্রাসী খেলা বন্ধে কড়া রেফারিং চায় স্পেন

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন স্পেনের ডিফেন্ডার এমেরিক লাপোর্ত। তার অভিযোগ, বারবার ফাউল ও শারীরিক শক্তির ব্যবহার করে প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল নেয় আর্জেন্টিনা। তাই শিরোপা নির্ধারণী ম্যাচে শুরু থেকেই রেফারিকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ফাইনালে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন। ম্যাচটি বাংলাদেশ সময় ২০ জুলাই রাত ১টায় শুরু হবে।

ফাইনালের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে লাপোর্ত বলেন, নিয়মের মধ্যে থেকে আগ্রাসী ফুটবল খেলায় তার কোনো আপত্তি নেই। তবে কোনো দল যদি সীমা অতিক্রম করে, তাহলে শুরু থেকেই রেফারিকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেন, ‘পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেটি নিশ্চিত করা রেফারির দায়িত্ব। শুরুতেই কঠোর না হলে ম্যাচে বিশৃঙ্খলা তৈরি হতে পারে।’

স্প্যানিশ এই ডিফেন্ডারের দাবি, সাম্প্রতিক কয়েকটি ম্যাচে আর্জেন্টিনার কিছু ফাউল বা শারীরিক সংঘর্ষের ঘটনা যথাযথভাবে বিবেচনা করা হয়নি। তাঁর মতে, বড় টুর্নামেন্টে এমন বিষয় উপেক্ষা করা উচিত নয়।

লাপোর্ত বলেন, ‘আমরা কয়েকটি ম্যাচে এমন কিছু সিদ্ধান্ত দেখেছি, যা বিস্ময়কর। বিশেষ করে আর্জেন্টিনার কিছু কর্মকাণ্ড খুব সহজেই এড়িয়ে যাওয়া হয়েছে। তারা শারীরিক শক্তি দিয়ে প্রতিপক্ষের ওপর প্রভাব বিস্তার করতে চায়। ফুটবলে এমন আচরণকে প্রশ্রয় দেওয়া উচিত নয়, কারণ এতে প্রতিপক্ষ উত্তেজিত হয়ে পড়তে পারে।’

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনার খেলাকে ঘিরেও বিতর্ক তৈরি হয়েছিল। ওই ম্যাচে আর্জেন্টিনা ১৫টি ফাউল করে এবং তিনজন খেলোয়াড় হলুদ কার্ড দেখেন। ইংল্যান্ডও ১১টি ফাউল করে। ম্যাচের শুরুতেই এলিয়ট অ্যান্ডারসনের ওপর এন্সো ফের্নান্দেসের কঠোর ট্যাকল এবং আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে লিওনেল মেসির ফাউলের অভিযোগ নিয়ে ইংলিশ সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা হয়।

এসব ঘটনার পরই ফাইনালের আগে রেফারিং নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন লাপোর্ত। তাঁর আশা, শিরোপা নির্ধারণী ম্যাচে নিয়মের কঠোর প্রয়োগ নিশ্চিত হলে দুই দলের লড়াই হবে ন্যায্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights