খুবিতে শহীদ মীর মুগ্ধর শাহাদাতবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক, খুলনা
জুলাই আন্দোলনে শহীদ খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধর দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে গতকাল খুলনা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়। দিবসটি উপলক্ষে জুলাই বিপ্লব থেকে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা রাখেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএর চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন, শহীদ মীর মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান, শহীদ সাকিব রায়হানের বাবা শেখ আজিজুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান ও ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী। স্বাগত বক্তৃতা করেন দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক ও ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। সভায় বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের স্বপ্নের বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
