নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির ভিমরুলী পেয়ারা বাগান সংলগ্ন ভাসমান বাজারের খালে গোসল করতে গিয়ে আমগাছ থেকে ঝাপ দিয়ে নিখোঁজের পাঁচঘণ্টা পর মো. সানি (১৩) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার পেয়ারা বাগান ঘুরতে গিয়ে দুপুর দুইটার দিকে ভাসমান বাজারের উত্তর পাশে খালে লাফ দিয়ে নিখোঁজ হয় সানি। সন্ধ্যা সাতটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তাঁর লাশ উদ্ধার করে।
সানি রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের মো. সোহেল হাওলাদারের ছেলে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান জানান, শনিবার সকালে রাজাপুর থেকে ১৫ জনের একটি দল ট্রলারে করে পেয়ারা বাগান ও ভাসমান বাজার ভ্রমণ করতে ভিমরুলী এলাকায় যায়। ঘোরাঘুরি শেষে দুপুরে খাবার খেয়ে ভিমরুলী বাজারের উত্তর পাশে ভাসমান বাজারের খালে গোসল করতে নামে। এক পর্যায়ে সানি খালের পাড়ে থাকা একটি আমগাছ থেকে খালে ঝাপ দেয়। সঙ্গীরা তাকে না দেখতে পেয়ে খোঁজাখুজি শুরু করে। কোনভাবেই তাকে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যায় তাকে উদ্ধার করে। পরিবারের লোকজন তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
