ইয়ামালকে নিয়ে যা জানাল স্পেন কোচ

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তির খবর। দলের সবচেয়ে বড় ভরসা লামিনে ইয়ামাল পুরোপুরি সুস্থ আছেন এবং আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে প্রস্তুত বলে জানিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।

ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে বল দখলের লড়াইয়ে পায়ে আঘাত পান ইয়ামাল। আঘাত পাওয়ার পর কিছুটা অস্বস্তিতে থাকলেও ম্যাচের পুরো সময় মাঠে ছিলেন এই তরুণ ফরোয়ার্ড। তবে ফাইনালের আগে দলের নিয়মিত অনুশীলনে তাকে দেখা না যাওয়ায় তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।

সেই শঙ্কা দূর করে সংবাদ সম্মেলনে স্পেন কোচ জানান, ইয়ামালের চোট গুরুতর ছিল না। মূলত সতর্কতার অংশ হিসেবেই তাকে বিশ্রামে রাখা হয়েছিল।

দে লা ফুয়েন্তে বলেন, “সেমিফাইনালে আঘাত পাওয়ার পর থেকে ইয়ামাল কিছুটা অস্বস্তি অনুভব করছিল। ম্যাচ শেষে তাকে বিশ্রামে রাখা হয় এবং চিকিৎসক দলের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। আমরা কোনো ধরনের ঝুঁকি নিতে চাইনি।”

তিনি আরও বলেন, “এখন তার অবস্থা সম্পূর্ণ ভালো। চিকিৎসক দলের সঙ্গে আমাদের নিয়মিত আলোচনা হয়েছে এবং সব প্রতিবেদন ইতিবাচক। শারীরিকভাবে সে শতভাগ প্রস্তুত।”

স্পেন কোচ জানান, ইয়ামাল ইতোমধ্যেই দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন। ফাইনালের আগে শেষ অনুশীলনেও তাকে দেখা যাবে বলে আশা করছেন তিনি। শুধু ইয়ামালই নন, স্পেনের জন্য আরেকটি সুখবর হলো রাইটব্যাক পেদ্রো পোরোর সুস্থ হয়ে ওঠা। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে পেশিতে টান লেগে শেষদিকে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। তবে চিকিৎসা ও বিশ্রামের পর তিনিও এখন পুরোপুরি ফিট।

ফলে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রায় পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামতে যাচ্ছে স্পেন। অন্যদিকে শিরোপা ধরে রাখার লক্ষ্যে প্রস্তুত বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

নিউইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ১টায় মুখোমুখি হবে দুই ফুটবল পরাশক্তি। একদিকে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা, অন্যদিকে তরুণ তারকা ইয়ামালকে সামনে রেখে স্পেন। বিশ্বকাপের সোনালি ট্রফি কার হাতে উঠবে, সেই অপেক্ষায় এখন গোটা ফুটবল বিশ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights