হবিগঞ্জে নিখোঁজের দুইদিন পর যুবকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মহাদেবপুর গ্রামে নিখোঁজের দুইদিন পর আলী হোসেন (২২) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

সোমবার সকালে হাওরে বর্ষার পানিতে তলিয়ে থাকা একটি জমি তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের আব্দুল আহাদের ছেলে।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেন জানান, শনিবার বেলা ১১টার পর থেকে আলী হোসেন নামে ওই যুবক নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে রবিবার এলাকায় মাইকিং করেন। পাশাপাশি স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার সন্ধান চেয়ে পোস্ট করেন। সোমবার সকালে মহাদেবপুর গ্রামে তার বাড়ি পার্শ্ববর্তী এলাকার হাওরে বর্ষার পানিতে তলিয়ে থাকা একটি জমিতে স্থানীয়রা ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পান। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আলী হোসেনের বাবা আব্দুল আহাদ জানান, আলী হোসেন হোটেলে কাজ করার পাশাপাশি রাজমিস্ত্রির কাজও করতেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা কেউ জানে না।

এএসআই দেলোয়ার হোসেন বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights