ইয়ামালের দাড়ি থেকে গাভির গোলাপি চুল, বিশ্বকাপ জিতে এবার প্রতিশ্রুতি রাখার পালা

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ জয়ের আনন্দে এখন ভাসছে স্পেন। তবে শিরোপা উদযাপনের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে দলের কয়েকজন ফুটবলারের মজার প্রতিশ্রুতিও। টুর্নামেন্ট শুরুর আগে বিশ্বকাপ জিতলে নানা ধরনের কাণ্ড করার কথা দিয়েছিলেন লা রোজার খেলোয়াড়রা। এবার সেই প্রতিশ্রুতি পূরণের পালা।

সবচেয়ে আলোচিত প্রতিশ্রুতিটি দিয়েছিলেন স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়া। বিশ্বকাপ জিতলে কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের ট্যাটু নিজের শরীরে আঁকানোর কথা জানিয়েছিলেন তিনি। ইউরো ২০২৪ জয়ের পর চুল লাল করে আলোচনায় এসেছিলেন কুকুরেয়া, এবার বিশ্বকাপ জয়ের পর তাঁর নতুন চ্যালেঞ্জ আরও বড়।

বিশ্বকাপ জয়ের পর সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে মজা করেন দে লা ফুয়েন্তে। তিনি বলেন, ট্যাটু করানোর বয়স তাঁর আর নেই, তবে তাঁর খেলোয়াড়রা দেওয়া কথা রাখেন এবং প্রতিশ্রুতি পূরণ করবেন বলেই বিশ্বাস করেন। মজার ছলে কোচ পরামর্শ দেন, ট্যাটু করলে এমন জায়গায় করানো ভালো, যেখানে খুব সহজে দেখা যাবে না।

ইয়ামালের দাড়ি, গাভির পিঙ্ক চুল
কুকুরেয়ার মতো আরও কয়েকজন স্প্যানিশ তারকাও বিশ্বকাপের আগে নিজেদের নিয়ে মজার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

মাত্র ১৯ বছর বয়সে বিশ্বকাপজয়ী লামিনে ইয়ামাল জানিয়েছিলেন, শিরোপা জিতলে তিনি দাড়ি-গোঁফ বড় করবেন। অন্যদিকে ফেরান তোরেসের প্রতিশ্রুতি ছিল ন্যাড়া হয়ে যাওয়ার।

মাঝমাঠের দুই তারকা পেদ্রি ও গাভিও পিছিয়ে ছিলেন না। পেদ্রি চুল ব্লন্ড করার কথা দিয়েছিলেন, আর গাভি জানিয়েছিলেন, বিশ্বকাপ জিতলে চুলে পিঙ্ক রং করবেন।

বিশ্বকাপ জয়ের পর এখন সমর্থকদের নজর—কে আগে নিজের দেওয়া কথা রাখেন। শিরোপা জয়ের আনন্দের সঙ্গে এসব মজার মুহূর্ত স্পেনের উদযাপনে যোগ করেছে নতুন মাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights