মা হওয়ার পর ক্যাটরিনার ‘সেরা জন্মদিন’ উদযাপন
শোবিজ ডেস্ক
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ তার এবারের জন্মদিনটি একটু অন্যরকমভাবে ও ঘরোয়া আবহে উদযাপন করেছেন। মা হওয়ার পর এটিই ছিল তার প্রথম জন্মদিন। বিশেষ এই দিনটির কিছু ভালোবাসাময় মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
স্বামী ভিকি কৌশল এবং তাদের পুত্রসন্তান বিহানকে সঙ্গে নিয়ে কাটানো এই মুহূর্তগুলোকে ক্যাটরিনা তার জীবনের ‘সেরা জন্মদিন’ হিসেবে আখ্যায়িত করেছেন। ছবিতে হালকা কমলা রঙের পোশাকে ক্যাটরিনাকে বেশ দীপ্তিময় দেখাচ্ছিল। তবে বরাবরের মতোই ছেলের গোপনীয়তা বজায় রাখতে ছবিতে বিহানের মুখ স্পষ্ট করেননি এই তারকা দম্পতি।
ছবিগুলো শেয়ার করে ক্যাটরিনা একটি আবেগঘন বার্তা লিখেছেন, যা প্রকাশ করে মাতৃত্ব তার জীবনে কতটা আনন্দ নিয়ে এসেছে। ছেলেকে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হিসেবে উল্লেখ করে তিনি লেখেন, ‘সবচেয়ে মূল্যবান এই আশীর্বাদের জন্য চিরকাল কৃতজ্ঞতায় মাথা নত হয়ে আসে। সেরা জন্মদিন।’
এই আবেগঘন বার্তার পাশাপাশি স্বামী ভিকি কৌশলের উদ্দেশে কিছুটা রসিকতা করে তিনি জুড়ে দেন, ‘তুমিও খুব একটা খারাপ নও।’
চলতি বছরের শুরুর দিকে ক্যাটরিনা ও ভিকির কোল আলো করে আসে তাদের প্রথম সন্তান বিহান কৌশল। জন্মের পর থেকেই ছেলের আগমনকে জীবনের একটি সুন্দর পরিবর্তন হিসেবে বর্ণনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে আসছেন এই দম্পতি।
আপাতত ক্যাটরিনা কাইফ তার সমস্ত মনোযোগ মাতৃত্ব এবং পরিবারের পেছনেই দিচ্ছেন। সন্তান হওয়ার পর থেকে তিনি সিনেমার কাজ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছেন এবং নতুন কোনো প্রজেক্টের ঘোষণা এখনো দেননি। তাকে শেষবার সালমান খানের বিপরীতে ‘টাইগার ৩’ সিনেমায় জোয়া চরিত্রে এবং বিজয় সেতুপতির সঙ্গে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিল। বর্তমানে রুপালি পর্দা থেকে দূরে থেকে পরিবারের সঙ্গেই নিজের জীবনের এই সুন্দর সময়টি উপভোগ করছেন অভিনেত্রী।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
