ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

খাবারের সন্ধানে বন ছেড়ে লোকালয়ে চলে এসেছে কয়েকটি বানর। গত কয়েক দিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের দেবগ্রাম এলাকায় তিন থেকে চারটি বানর ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। এতে বড়দের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা গেলেও শিশুদের কাছে বিষয়টি হয়ে উঠেছে কৌতূহল ও আনন্দের।

স্থানীয় বাসিন্দারা জানান, বানরগুলো দিনের বিভিন্ন সময় এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে বেড়ায়। কখনো বাড়ির টিনের চালে উঠে পড়ে, আবার সুযোগ পেলে ঘরে ঢুকে খাবারও নিয়ে যায়। শিশুদের ধাওয়া খেলে দ্রুত গাছে উঠে যায়, পরে লোকজন সরে গেলে আবার নিচে নেমে আসে। আশপাশের গাছের ফলও খেতে দেখা গেছে তাদের।

আখাউড়া পৌর যুবদলের সদস্যসচিব মো. হুমায়ুন রহমান নয়ন বলেন, হঠাৎই কয়েকটি বানর এলাকায় দেখা দিয়েছে। কিছু সময় গাছ আর বাড়ির ছাদে ছুটাছুটি করে আবার কোথায় যেন চলে যায়। বড়রা কিছুটা বিরক্ত হলেও শিশুরা বেশ উপভোগ করছে।

নয়াদিল গ্রামের হালিম মিয়া বলেন, কয়েক দিন আগে তাঁদের গ্রামেও একইভাবে কয়েকটি বানর দেখা গিয়েছিল। শিশুদের ধাওয়ার পর সেগুলো আর এলাকায় দেখা যায়নি।

বাউতলা গ্রামের হাবিবুর রহমানের ধারণা, টানা বর্ষণের কারণে ভারতের সীমান্তবর্তী বনাঞ্চল থেকে খাবারের সন্ধানে বানরগুলো এপারে চলে এসেছে। পরে খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়েছে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া বলেন, এ বিষয়ে ব্যবস্থা নিতে বন কর্মকর্তাকে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights