সাত শেয়াল হত্যা করে মাংস ভাগাভাগি, ১০ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরীতে সাতটি শিয়াল হত্যা ও মাংস ভাগাভাগির ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার বরিশালের মহানগর বিচারিক হাকিম মিরাজুল ইসলাম রাসেল এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. সেলিম।
আদালত সূত্রে জানা গেছে, বন বিভাগের বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফুর রহমান বাদী হয়ে গত ১২ জুলাই বরিশালের মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে একটি নালিশি অভিযোগ দায়ের করেন। পরে শুনানি শেষে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে কোতোয়ালি মডেল থানার ওসিকে মামলা রুজুর নির্দেশ দেন আদালত। একই সঙ্গে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ছয়জনকে আসামি করা হয়েছে। নামীয় আসামিরা হলেন- নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম, মোহাম্মদ হারিছ, মো. কামাল খলিফা ও জামাল খলিফা। তাদের বিরুদ্ধে অবৈধভাবে বন্যপ্রাণী হত্যার অভিযোগ আনা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৮ জুলাই নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মহম্মদ খোলা এলাকায় সাতটি শেয়াল হত্যা, মাংস ভাগাভাগি ও খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শেয়াল হত্যার আলামত, রক্তের দাগ ও আগুনে পোড়ানোর চিহ্ন পান। তবে অভিযুক্তরা আত্মগোপনে থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি।
বাদী আরিফুর রহমান বলেন, ঘটনাটি তদন্তে অভিযুক্তদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
