কালীগঞ্জে পান চুরির সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে পান চুরির সন্দেহে গণপিটুনিতে সূর্যমান (৫৪) নামে
এক ব্যাক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়। পুলিশ অজ্ঞাত হিসাবে তার লাশ উদ্ধারের পর সিআইডি টিম এনে ফিঙ্গার প্রিন্ট সনাক্ত করেছেন। তারা জানান নিহত ব্যাক্তি
সিরাজগঞ্জ এনায়েতপুরের মাধবপুর গ্রামের রামচন্দ্র বিশ্বাসের পুত্র। দুপুরে লাশের ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত বুধবার সকালে উপজেলার শালিখা গ্রামে গ্রামবাসীর গনপিটুনিতে আহত অবস্থায় তাকে
হাসপাতালে ভর্তি করা হয়। এলাকাবাসী ও নিয়ামতপুর ইউনিয়নের ইউপি সাইদুল ইসলাম জানান, শালিখা গ্রামের পানের বরজে প্রায়ই পান চুরির ঘটনা ঘটে থাকে। ওইদিন বুধবার সকালে
পান চুরি সন্দেহে সূর্নাযমান নামে এক ব্যাক্তিকে ধরেফেলে গ্রামবাসী। এ সময়
গণপিটুনী দিয়ে তাকে ফেলে রাখে। বিষয়টি জানতে পেরে ইউপি সদস্য ঘটনাস্থলে গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে। এরপর এলাকাবাসীর
সহযোগিতায় তাকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় পরদিন বৃহস্পতিবার ভোরে ওই ব্যাক্তি মারা যান।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন জানান, গতকাল সকালে
কিছু লোকজন আহত অবস্থায় ওই ব্যাক্তিকে হাসপাতালে এনে ভর্তি করেন। সে
সময়ে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তানভীরকে জানিয়েছিল তাকে মারপিট করা
হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া অবস্থায় সে মারা যায়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্ল্য জানান, মৃত ব্যাক্তিটি
কিভাবে মারা গেছে তা এখনো নিশ্চিত হতে পারেননি। তবে, শুনেছেন গণপিটুনিতে আহত অবস্থায় কয়েকজন লোক তাকে হাসপাতালে রেখে গেছেন। লাশ উদ্ধারের পর সিআইডির মাধ্যমে পরিচয় সনাক্ত করে স্বজনদের সঙ্গে যোগাযোগ
করা হয়েছে। তারা থানাতে এসে নিহতের বিষয়ে অভিযোগ দিবেন বলে জানান
তিনি।
