কেন রাশিয়া সফরে যাচ্ছেন এফবিআই প্রধান?
অনলাইন ডেস্ক
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল চলতি বছরের অক্টোবরে রাশিয়া সফরের পরিকল্পনা করছেন। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে এক দশকেরও বেশি সময় পর এটাই হবে এফবিআইয়ের কোনো শীর্ষ কর্মকর্তার প্রথম রাশিয়া সফর।
প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে বলা হয়, আগামী ১৪ ও ১৫ অক্টোবর কাশ প্যাটেলের মস্কো ও সেন্ট পিটার্সবার্গ সফরের কথা রয়েছে। সফরকালে তিনি রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সার্ভিস-এফএসবি’র উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন। এর আগে ২০১৩ সালে সর্বশেষ এফবিআই পরিচালক হিসেবে রবার্ট মুলার রাশিয়া সফর করেছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত প্যাটেল শুরু থেকেই ২০১৬ সালের মার্কিন নির্বাচনে ট্রাম্প ক্যাম্পেইনের সঙ্গে রাশিয়ার আঁতাতের অভিযোগ খণ্ডনে কাজ করে আসছেন। ডেমোক্র্যাটদের আনা সেই অভিযোগকে তিনি বারবার রুশ-কোট ষড়যন্ত্রের নাটক বলে উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও মার্কিন নির্বাচনে হস্তক্ষেপর যাবতীয় দাবি ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছেন।
ইউক্রেন সংকট নিয়ে ট্রাম্পের উদ্যোগে শুরু হওয়া সরাসরি আলোচনা গত কয়েক মাসে বেশ কিছুটা থমকে গেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে যুক্তরাষ্ট্রের মনোযোগ সেদিকে স্থানান্তরিত হওয়ায় এই কাজে ভাটা পড়ে। মস্কো আলোচনার জন্য প্রস্তুত বলে জানালেও চলতি মাসের শুরুতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, পশ্চিমারা আলোচনার ভান করে মূলত রাশিয়াকে একের পর এক শর্ত দিয়ে যাচ্ছে। তাই পশ্চিমের মৌখিক প্রতিশ্রুতির ওপর থেকে আস্থা একবারে হারিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
চলতি মাসের ৪ তারিখে ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপের পর ক্রেমলিন ট্রাম্পের প্রশংসা করে জানায়, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার অবস্থান শুনতে মার্কিন প্রেসিডেন্ট ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।
সূত্র: আরটি
