মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

বিশেষ প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

মঙ্গলবার দিবাগত রাত ১টায় সদর উপজেলার ফাঁপোড় পূর্বপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। স্থানীয়দের দাবি, নির্যাতনের শিকার ওই নারী প্রায় তিন মাসের অন্তঃসত্ত্বা।

আটককৃতরা হলেন-বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের ফাঁপোড় পূর্বপাড়া গ্রামের আজিজুল সোনারের ছেলে আলমগীর হোসেন ও মৃত আকবর আলীর ছেলে শহিদুল ইসলাম।

এ ঘটনার পর থেকে অপর অভিযুক্ত বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পিয়ন ও একই এলাকার মৃত লাল চান ফকিরের ছেলে মাহবুবুর রহমান পলাতক রয়েছেন।

জানা যায়, ভুক্তভোগী ওই নারীর স্বামী একটি মাদক মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন। এই সুযোগে অভিযুক্ত ব্যক্তিরা তাকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে ওই নারী প্রায় তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। সম্প্রতি ভুক্তভোগী নারীর স্বামী জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরেন। স্ত্রীর শারীরিক পরিবর্তন দেখে বিষয়টি জানতে চাইলে ভুক্তভোগী নারী নির্যাতনের বিস্তারিত বর্ণনা দেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত দু’জনকে আটক করে থানায় খবর দেন।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, ঘটনার সাথে জড়িত দু’জনকে আটক করা হয়েছে। পলাতক অপর অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights