লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে ভারতীয় পণ্য চোরাচালানের মামলায় সমীর পাল নামের এক ভারতীয় নাগরিককে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন আদালত। বুধবার(২২ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক এস এম শফিকুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সমীর পাল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মেকলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধা এলাকার বাসিন্দা।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৬ নভেম্বর সকালে পাটগ্রাম উপজেলার বুড়িমারী জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালায় তিস্তা ব্যাটালিয়নের(৬১ বিজিবি) সদস্যরা। অভিযানে একটি ভারতীয় ট্রাকসহ চালক সমীর পালকে আটক করা হয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ১ লাখ ৮ হাজার ৮০০ টাকা মূল্যের ২৭২ কেজি সিসা সদৃশ বস্তু, ৬ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা মূল্যের ১,৫০০টি ওসিমিন ৮০ এমজি ট্যাবলেট, ৪ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা মূল্যের ১,৫০০টি ওসিমার্ট ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও ৪৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ট্রাকটি সহ উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়।

পরবর্তীতে এ ঘটনায় ৬১ বিজিবির নায়েব সুবেদার মো. আনজারুল হক বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর আসামিকে আদালতে সোপর্দ করে এবং তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করে। পরে আদালত শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। রায়ে আসামির সাজার পাশাপাশি মামলায় জব্দকৃত ট্রাকটি নিয়মানুযায়ী বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়।

একই সঙ্গে আসামির সাজা ভোগ শেষে তাকে নিজ দেশে ফেরত পাঠাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সামসুল আলম মিলন(এপিপি) বলেন, বিজিবির হাতে উপযুক্ত আলামতসহ আসামি হাতেনাতে গ্রেফতারের হওয়ার পর রাষ্ট্রপক্ষ থেকে আদালতের কাছে অপরাধটি প্রমাণ করতে সক্ষম হয়েছি। স্বল্প সময়ে আদালত উভয় পক্ষের সাক্ষ্যগ্রহণ এবং শুনানী শেষে রায় প্রদান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights