তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, রংপুরে ভাঙন আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক, রংপুর

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ও লক্ষ্মীটারী ইউনিয়নে নদীভাঙনের আতঙ্ক দেখা দিয়েছে।

ইতোমধ্যে নোহালী ইউনিয়নের কয়েকটি বসতভিটা ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। আজ বৃহস্পতিবারও গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের কাচারীপাড়া এলাকায় ভাঙন অব্যাহত ছিল। এদিন ফসলি জমি, চলাচলের রাস্তা এবং বসতবাড়ির জমি নদীতে বিলীন হওয়ার খবর পাওয়া গেছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার এবং কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় রংপুরসহ তিস্তা অববাহিকার পাঁচ জেলার কয়েকটি স্থানে নদীর পানি সতর্কসীমা স্পর্শ করতে পারে। এতে নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গত তিন দিনে পানি বৃদ্ধি পাওয়ায় নোহালী ইউনিয়নের একাধিক বসতভিটা ও কৃষিজমি নদীগর্ভে চলে গেছে। ভাঙন অব্যাহত থাকায় নদীতীরবর্তী বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights