ইরানে বড় হামলার ছক কষছেন ট্রাম্প, পাল্টা হুমকি আইআরজিসির
অনলাইন ডেস্ক
ইরানে অতীতের যেকোনো সময়ের চেয়ে বড় সামরিক হামলার কথা গভীরভাবে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, মার্কিন বাহিনীকে ঘাঁটি ব্যবহার করতে দিলে যুক্তরাজ্যে হামলার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে ট্রাম্প বলেন, তেহরানকে এখনো যথেষ্ট মূল্য চোকাতে হয়নি। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, আমি আগের চেয়েও ভয়াবহ হামলার কথা ভাবছি। সিদ্ধান্ত নেওয়ার খুব কাছাকাছি রয়েছি আমি এবং এটার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। ট্রাম্প জানান, এই সিদ্ধান্তের বড় পরিণতি রয়েছে তা তিনি জানেন। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বা সময়সীমাও নির্ধারণ করেননি।
ইসরায়েল প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি বললে ইসরায়েল দুই মিনিটের মধ্যে যোগ দেবে, যদিও আমাদের কারও সাহায্যের প্রয়োজন নেই। তবে ইসরায়েল এই হামলায় জড়ালে তাদেরও পরিণতির (ইরানের সম্ভাব্য পাল্টা হামলা) শিকার হতে হবে বলে ইঙ্গিত দেন তিনি। ট্রাম্পের দাবি, ইরানি কর্মকর্তারা আলোচনা করতে চাইলেও তারা এখনো কোনো চুক্তিতে আসার জন্য প্রস্তুত নয়।
এদিকে, বৃহস্পতিবার ইরানের তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়, আইআরজিসি যুক্তরাজ্যের বিমানঘাঁটিগুলোতে হামলার হুমকি দিয়েছে। তারা স্পষ্ট জানিয়েছে, ইরানের মাটিতে হামলার জন্য ব্যবহৃত যেকোনো ঘাঁটিকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ধরা হবে।
আইআরজিসির দাবি, ভারত মহাসাগরে থাকা মার্কিন জাহাজগুলো থেকে ক্রুজ মিসাইলের মজুত ফুরিয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র এখন যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটি ব্যবহার করে ‘বি-১ ল্যান্সার’ যুদ্ধবিমান ওড়াচ্ছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় যুক্তরাজ্যের ঐতিহাসিক ও সর্বোচ্চ সম্পৃক্ততার অভিযোগ তুলেছে আইআরজিসি। তারা যুক্তরাজ্যকে সতর্ক করে বলেছে, দেশটি যেন তাদের ‘অপরাধের খাতা’ আর ভারী না করে।
