সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তোপ দাগল ইরান
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হামলার হুমকির পরই আন্তর্জাতিক অঙ্গনে সরব হয়েছে তেহরান। কিরগিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও ‘আগ্রাসী একপাক্ষিকতার’ বিরুদ্ধে কড়া সতর্কতা উচ্চারণ করেছে ইরান।
এসসিও-র পররাষ্ট্রমন্ত্রীদের ওই বৈঠকে অংশ নিচ্ছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেখান থেকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক্সে লেখেন, ইরান এসসিও-র মতো বহুপাক্ষিক জোটকে অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি বলেন, আগ্রাসী একপাক্ষিকতা, আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন এবং শক্তির বেআইনি ব্যবহার আইনের শাসন ও জাতিসংঘের সনদকে চরমভাবে ক্ষুণ্ন করছে। মূলত যুক্তরাষ্ট্রকে নিশানা করেই এসব কথা বলেছেন তিনি।
২০২৩ সালে চীন ও রাশিয়ার নেতৃত্বাধীন এই জোটে পূর্ণ সদস্যপদ পায় ইরান।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় সংঘাত এখন চরমে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় জোড়া ড্রোন হামলা চালিয়েছে ইরান।
