এক মুহূর্তেই শেষ ১৩ প্রাণ, হিমাচলে চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল পাথর

অনলাইন ডেস্ক

ভারতের হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি জেলায় চলন্ত একটি ট্যাক্সির ওপর পাহাড় থেকে বিশাল পাথর গড়িয়ে পড়ে ছয় মাসের এক শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আরও দুজন।

শুক্রবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, ১৫ জন যাত্রী নিয়ে ট্যাক্সিটি কুল্লু থেকে কিলারের দিকে যাচ্ছিল। পথে উদয়পুর-পাঙ্গি সড়কে পাহাড়ি ঢাল থেকে বড় বড় পাথর গাড়িটির ওপর আছড়ে পড়ে। এতে ট্যাক্সিটি দুমড়ে-মুচড়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার পর গাড়িটির পেছনের অংশে আগুন ধরে যায়। স্থানীয় বাসিন্দা ও সেনাসদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

ভারমুরের বিধায়ক জনক রাজ পিটিআইকে বলেন, গাড়িতে থাকা ১৫ জনের মধ্যে ১৩ জন নিহত হয়েছেন। বাকি দুজন গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচেন। তিনি চাম্বা ও লাহুল-স্পিতির ডেপুটি কমিশনারদের দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার অনুরোধ জানিয়েছেন।

পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, উদয়পুর-কিলার সড়ক আগের দিন বন্ধ থাকায় যাত্রীরা হিমাচলের তিন্দিতে আটকা পড়েছিলেন। শুক্রবার সড়কটি চালু হওয়ার পর তারা পাঙ্গির উদ্দেশে রওনা দেন। পথেই এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

সোর্সঃ পিটিআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights