উল্টো রথযাত্রার উদ্বোধন করলেন এমপি শ্যামল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের কেন্দ্রীয় মন্দির শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি থেকে উল্টো রথের র্যালিটি বের হয়।
আনন্দময়ী কালীবাড়ীতে উল্টোরথ যাত্রার উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
এসময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি সহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্টো রথযাত্রাকে কেন্দ্র করে দুপুরের পর থেকে হাজার হাজার ভক্ত পুণ্যার্থী শহরের কেন্দ্রীয় মন্দির আনন্দময়ী কালীবাড়ীতে এসে জড়ো হয়। পরে উল্টোরথ যাত্রার র্যালি আনন্দময়ী কালীবাড়ি থেকে বের হয়ে শহরের ট্যাংকের পাড়, কুমারশীল মোড়, পুরাতন কোর্ট রোড, মঠের গোড়া, টিএ রোড, কালীবাড়ী মোড়, বণিকপাড়া, সরকার পাড়া এবং দক্ষিণ পৈরতলা হয়ে মধ্যপাড়া ইস্কন মন্দিরে গিয়ে শেষ হয়।
এদিকে শহরের কালভৈরব মন্দির থেকে বিকেল সাড়ে ৪টার দিকে অপর একটি উল্টো রথযাত্রা র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও কালভৈরব মন্দিরে গিয়ে শেষ হয়। এর মধ্য দিয়ে শেষ হয় সপ্তাহব্যাপী রথযাত্রা আনুষ্ঠানিকতা।
