খেলনা ওরাংওটাংকে আঁকড়ে ধরা সেই ‘পাঞ্চ’ এখন কেমন আছে?

অনলাইন ডেস্ক

কমলা রঙের একটি খেলনা ওরাংওটাংকে আঁকড়ে ধরে নিজের মায়ের স্নেহ খুঁজে ফেরা ছোট্ট বানরছানা ‘পাঞ্চ’-এর কথা নিশ্চয়ই মনে আছে। কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া সেই ম্যাকাক বানরটির বয়স এখন এক বছর পূর্ণ হয়েছে।

জাপানের চিবা অঞ্চলের ইচিকাওয়া সিটি জু অ্যান্ড বোটানিক্যাল গার্ডেনে থাকা পাঞ্চ জন্মের পর পরই আলোচনায় আসে। অসুস্থ অবস্থায় জন্ম নেওয়ার পর তার মা তাকে পরিত্যাগ করে। এরপর চিড়িয়াখানার কর্মীরা তার দেখভালের দায়িত্ব নেন। বানরছানাদের স্বাভাবিক আচরণ বজায় রাখতে তার হাতে একটি খেলনা ওরাংওটাং দেওয়া হয়। সেটি আঁকড়ে ধরে থাকা পাঞ্চের ছবি ও ভিডিও বিশ্বজুড়ে ব্যাপক আলোচিত হয়।

এক বছর পর পাঞ্চ এখন সম্পূর্ণ সুস্থ। চিড়িয়াখানার প্রায় অর্ধশত বানরের সঙ্গে স্বাভাবিকভাবেই সময় কাটাচ্ছে সে। বয়সের সঙ্গে খেলনা ওরাংওটাংয়ের প্রতি নির্ভরতা কমে গেলেও মানুষের ভালোবাসা কমেনি।

প্রথম জন্মদিন উপলক্ষে জাপানসহ বিভিন্ন দেশ থেকে প্রায় আড়াই হাজার শুভেচ্ছা কার্ড এসেছে পাঞ্চের নামে। চিড়িয়াখানার বিশেষ প্রদর্শনীতে সেই কার্ডগুলো প্রদর্শন করা হচ্ছে।

চিড়িয়াখানার প্রধান তাকাশি ইয়াসুনাগা বলেন, পাঞ্চের বেঁচে থাকার লড়াইয়ের সময় দুই কর্মী নিরলস চেষ্টা করেছিলেন তাকে সুস্থ করে তুলতে। সেই কঠিন সময় পেরিয়ে আজ এত মানুষের ভালোবাসা পাওয়া তাদের জন্য অত্যন্ত আনন্দের। সূত্র: এবিসি, এনবিসি, এপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights